বাংলাদেশের কজন শিল্পী পাকিস্তানে পারফর্ম করছে, প্রশ্ন হামিনের

সংগীতশিল্পী হামিন আহমেদ
বাংলাদেশে পাকিস্তানি ব্যান্ড কাভিশের কনসার্ট স্থগিত হওয়া নিয়ে আয়োজকদের অনুমোদন প্রক্রিয়া ও দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের পারস্পরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন মাইলস ব্যান্ডের সংগীতশিল্পী হামিন আহমেদ।
আজ শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শিল্প ও সংস্কৃতির আদান-প্রদান একতরফা হতে পারে না। দুই দেশের শিল্পীদের পারস্পরিক অংশগ্রহণ নিশ্চিত না হলে এ ধরনের সাংস্কৃতিক বিনিময় অর্থবহ হয় না বলেও মন্তব্য করেন তিনি।
হামিন আহমেদের ওই পোস্টটি এমন সময়ে এসেছে, যখন নিরাপত্তাজনিত কারণে ঢাকায় পাকিস্তানি ব্যান্ড কাভিশের কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’ শিরোনামে কনসার্টটি হওয়ার কথা ছিল। প্রায় ১০ মাস আগে স্থগিত হওয়া এ আয়োজনে কাভিশের পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলের পারফর্ম করার কথা ছিল।
পোস্টে হামিন আহমেদ লেখেন, ‘কোনো কিছুই একতরফা হলে কাজ করে না। বিষয়টি হতে হবে পারস্পরিক, নইলে কিছুই নয়! এখন পর্যন্ত বাংলাদেশের কতজন শিল্পী বা ব্যান্ড পাকিস্তানে পারফর্ম করেছে, সেই হিসাব আমাকে বলুন। এমনকি গত পাঁচ বছরের হিসাব দিলেও চলবে। তাহলে বুঝতে পারবেন আমি কী বলতে চাইছি।’
তিনি আরও লেখেন, ‘ভারতের ক্ষেত্রেও পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় খুবই সীমিত। এভাবে বিষয়টি চলে না। শিল্প ও সংস্কৃতি একতরফাভাবে বিকশিত হয় না। বাংলাদেশ কেন নিজেদের দরজা খুলে দেবে, যখন অন্য পাশের দরজাগুলো বন্ধ?’
শুধু সাংস্কৃতিক বিনিময় নয়, কনসার্ট আয়োজনের অনুমোদন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন মাইলসের এ সংগীতশিল্পী। তিনি লেখেন, ‘আরেকটি যৌক্তিক প্রশ্ন হলো, প্রয়োজনীয় সব অনুমতি হাতে না পেয়েই কীভাবে ইভেন্ট কোম্পানিগুলো টিকিট বিক্রির অনুমতি পায়? বারবার এমন ঘটনা কীভাবে ঘটে? এ রকম আরও অনেক প্রশ্ন রয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত।’
এদিকে কাভিশের কনসার্ট স্থগিতের পাশাপাশি শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকায় আরও দুটি আন্তর্জাতিক কনসার্ট স্থগিত করা হয়েছে। এর মধ্যে একটি আয়োজনে পাকিস্তানের সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও ব্যান্ড জালের পাশাপাশি বাংলাদেশের জেমস, নেমেসিস ও লেভেল ফাইভের পারফর্ম করার কথা ছিল। পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠেয় কনসার্টটি নিরাপত্তাজনিত কারণে স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান ম্যাক্স রিপাব্লিক।
অন্যদিকে, কাভিশের কনসার্ট স্থগিতের বিষয়ে আয়োজক প্রতিষ্ঠান প্রাইমওয়েভ কমিউনিকেশনস জানিয়েছে, প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় আপাতত অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর নতুন তারিখ ঘোষণা করা হবে।
পরপর একাধিক আন্তর্জাতিক কনসার্ট স্থগিত হওয়ায় দেশে বড় আয়োজনের অনুমোদন প্রক্রিয়া, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।





