শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন'
বিনোদন প্রতিবেদক

গ্রামের আলপথে কিংবা নদীতীরে বাঁশির সুরে যে বেদনা ছড়িয়ে দিয়েছিলেন শেখ সোলায়মান, সেই সুর এখন দেশ ছাড়িয়ে বিদেশেও আলোচিত। বাঁশিওয়ালা শেখ সোলায়মান সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমাদৃত এক নাম। বাঁশির পাশপাশি গানেও তিনি প্রতিভার সাক্ষর রেখেছেন। কভার গানে তুমুল জনপ্রিয় হলেও ইদানীং মন দিয়েছেন মৌলিক গানেও। মৌলিক **গান সৃষ্টির ধারাবাহিকতায় এবার আসছে নতুন গান
‘ মানব জীবন’ শিরোনামের গানটি এখন প্রকাশের অপেক্ষায়। গানটি লিখেছেন ও সুর করেছেন খ্যাতনামা সাংবাদিক সাইফুল শাহীন। সঙ্গীতায়োজনে এআর রানা।
ইতোমধ্যে তৈরি হয়েছে নান্দনিক মিউজিক ভিডিও। টাঙ্গাইলের যমুনা তীর, হেমনগর জমিদারবাড়ি, নবগ্রাম এবং পার্শ্ববর্তী নানান লোকেশনে চিত্রায়িত এই মিউজিক ভিডিওতে লোকজ গানের কথা ও সুরের পাশপাশি অপরূপ বাংলাদেশ দেখার সুযোগও থাকছে।
দেশি বিদেশি বিভিন্ন অডিও প্লাটফর্মে শ্রোতারা গানটি শুনতে পাবেন, মিউজিক ভিডিও প্রকাশ পাবে শেখ সোলায়মানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।




