হেভি মেটাল ব্যান্ড ‘মেকানিক্স’-এর সহপ্রতিষ্ঠাতা ইমরান আর নেই
বিনোদন প্রতিবেদক

ইমরান
২০০৫ সালে আত্মপ্রকাশ করে হেভি মেটাল ব্যান্ড ‘মেকানিক্স’। দেশে হেভি মেটাল গানের চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ব্যান্ডটি গড়ে তুলেছিলেন সৈয়দ ইমরান আহমেদ ও আফতাবুজ্জামান ত্রিদিব। তবে দীর্ঘদিন ব্যান্ডটির সঙ্গে ছিলেন না ইমরান। ২০০৮ সালে ‘মেকানিক্স’ ছাড়ার পর পেশাগত ব্যস্ততার কারণে আর কোনো ব্যান্ডের সঙ্গে যুক্ত হননি তিনি।
প্রায় দেড় বছর আগে হঠাৎ ইমরানের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর আসে। দীর্ঘদিন রোগটির সঙ্গে লড়াইয়ের পর এবার না ফেরার দেশে পাড়ি জমালেন ‘মেকানিক্স’-এর সহপ্রতিষ্ঠাতা ও সাবেক গিটারিস্ট সৈয়দ ইমরান আহমেদ। রবিবার সকালে তার মৃত্যু হয়েছে।
ইমরানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ‘মেকানিক্স’-এর ভোকালিস্ট আফতাবুজ্জামান ত্রিদিব। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, ‘সৈয়দ ইমরান আহমেদ আমাদের ছেড়ে চিরতরে চলে গেছে। গত দেড় বছর ধরে সে ক্যানসারের সঙ্গে লড়াই করছিল। আমি আমার এক ভাইকে হারালাম। সবাই তার জন্য দোয়া করবেন।’
ইমরানের মৃত্যুতে দেশের ব্যান্ড ও সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও সংগীতাঙ্গনের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।




