মুম্বাইতে বিশেষ স্পা খুলেছিলেন শ্রিয়া সরণ

শ্রিয়া সরণ
বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রিয়া সরণ। তিনি কেবল রুপালি পর্দাতেই নন, বাস্তব জীবনেও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির নন্দিনী খ্যাত এই অভিনেত্রী প্রায় এক দশক আগে মুম্বাইতে একটি বিশেষ স্পা পরিচালনা করতেন, যেখানে সব থেরাপিস্ট ও মাসিউস ছিলেন সম্পূর্ণ বা আংশিক দৃষ্টিপ্রতিবন্ধী।
সম্প্রতি গোয়ায় ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দ্য ফ্রি প্রেস জার্নালের সঙ্গে আলাপকালে নিজের এই মহতী উদ্যোগের পেছনের গল্প শোনান শ্রিয়া।
শ্রিয়া জানান, দিল্লিতে তার নিজের স্কুল ‘ডিপিএস মথুরা রোড’-এর ঠিক বিপরীতে ছিল একটি ব্লাইন্ড স্কুল। সেখানকার দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের ক্রিকেট খেলা ও তাদের জীবনসংগ্রাম খুব কাছ থেকে দেখতেন তিনি। পরবর্তীতে মা নীরজা সরনের সঙ্গে আলোচনা করে তিনি উপলব্ধি করেন যে, ভারতে দৃষ্টিপ্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থানের সুযোগ অত্যন্ত সীমিত।
মা ও মেয়ে মিলে ২০১১ সালে মুম্বাইয়ের লোকান্ডওয়ালায় প্রতিষ্ঠা করেন ‘শ্রী স্পা’। শ্রিয়া বলেছেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধী মানুষদের স্পর্শ অনুভূতি সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি তীব্র ও প্রখর হয়। তাই ম্যাসাজ থেরাপিতে তাঁরা অত্যন্ত নিখুঁত। ব্যবসা করা আমাদের মূল উদ্দেশ্য ছিল না, আমাদের মূল লক্ষ্য ছিল এই বিশেষ মানুষদের জন্য একটি সম্মানজনক কর্মসংস্থান তৈরি করা’।
দীর্ঘদিন ধরে সফলভাবে পরিচালিত হলেও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোভিড-১৯ মহামারীর ধাক্কা সামলাতে পারেনি শ্রিয়ার এই মানবিক উদ্যোগটি। লকডাউন ও সামাজিক দূরত্বের বিধিনিষেধের কারণে শেষ পর্যন্ত স্পাটি স্থায়ীভাবে বন্ধ করে দিতে বাধ্য হন তিনি।
ব্যবসা বন্ধ হলেও অভিনয়ে সমান জনপ্রিয় শ্রিয়া সরণ। আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর শুভ মুহূর্তে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। এতে অজয় দেবগনের বিপরীতে নন্দিনী সালগাঁওকর চরিত্রে আবারো ভক্তদের মাতিয়ে তুলতে প্রস্তুত এই অভিনেত্রী।




