ক্যাটরিনাকে ট্রল করায় ক্ষুব্ধ সালমান খান, কী বললেন?

সালমান খান ও ক্যাটরিনা
সন্তান জন্মের পর জনসমক্ষে আসতেই কুৎসিত বডি-শেমিং ও ট্রলিংয়ের শিকার হয়েছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আম্বানি পরিবারের গণপতি উৎসবে ক্যাটরিনার ওজন বৃদ্ধি পাওয়া ও চেহারার পরিবর্তন নিয়ে নেটপাড়ার একদল নেটিজেন একের পর এক কটূক্তি করতে থাকে।
অবশেষে এ বিষয়ে আর চুপ থাকতে পারলেন না বলিউডের ‘ভাইজান’ সালমান খান। অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ‘বিগ বস ২০’-এর বিশেষ পর্বে সরাসরি নিন্দুকদের ধুয়ে দিলেন এই সুপারস্টার।
সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করা বিগ বসের নতুন প্রমোতে দেখা যায়, ক্ষোভে ফেটে পড়ে নিজের কোট ও টুপি খুলে ছুড়ে ফেলছেন সালমান।
নাম না নিয়ে স্পষ্ট ভাষায় ট্রোলারদের উদ্দেশে তিনি বলেছেন, ‘ইদানীং বয়স আর চেহারা নিয়ে ট্রল করাটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। কারও বয়স হয়েছে, কারও ওজন বেড়েছে, কারও হাসি সুন্দর নয়, কিংবা কেউ ফ্লপ করেছে— এমনকি কারও মা হওয়া নিয়েও বুলিং করছ। এসব লিখে আসলে তোমরা নিজের পরিবারের সংস্কৃতি কেমন, সেটাই প্রকাশ করছ।’
নিজের বয়স নিয়ে খোঁচা দেওয়া ট্রোলারদের একহাত নিয়ে সালমান বলেছেন, ‘হ্যাঁ, আমি ৬০ বছরের হয়ে গেছি, তো কী হয়েছে?’
শুধু তা-ই নয়, এই পর্বে ক্যাটরিনার ওপর ট্রলিং ছাড়াও সম্প্রতি তার নিজের ভাই সোহেল খানের চেহারা এবং বরুণ ধাওয়ানের হাসি নিয়ে চলা ট্রলিং নিয়েও সোচ্চার হন সালমান। পাশাপাশি অভিনেত্রীদের অশালীনভাবে পেছন থেকে ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করা ‘পাপারাজ্জি’ সংস্কৃতিকেও কড়া ভাষায় ভর্ৎসনা করেন তিনি।
২০০৫ সালে ‘ম্যায়নে পেয়ার কিয়ুন কিয়া’র সেট থেকে শুরু হওয়া সালমান-ক্যাটরিনার প্রেমের গুঞ্জন ২০১০ সালে বিচ্ছেদে রূপ নিলেও, তাদের বন্ধুত্ব যে কতখানি মজবুত তা আবারো প্রমাণিত হলো।
‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’ ও ‘টাইগার ৩’-এর মতো একের পর এক ব্লকবাস্টার উপহার দেওয়া এই জুটি বাস্তব জীবনেও পরস্পরের চরম বিপদে পাশে থাকেন।
ক্যাটরিনা মাতৃত্বের পর ট্রলিংয়ের শিকার হতেই সালমানের এই সোচ্চার হওয়াকে নেটদুনিয়ায় ‘প্রকৃত বন্ধুত্বের পরিচয়’ হিসেবে আখ্যা দিচ্ছেন ভক্তরা।




