বাবা হলেন জুবিন নটিয়াল

জুবিন নটিয়াল
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়ালের ঘরে এলো নতুন অতিথি। প্রথমবার বাবা হওয়ার আনন্দদায়ক খবরটি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই তারকা গায়ক।
চলতি বছরের গত ১৪ সেপ্টেম্বর তার স্ত্রীর কোল আলো করে এসেছে এক ফুটফুটে পুত্রসন্তান। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন।
বোম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে জুবিন বললেন, ‘হ্যাঁ, আমি এখন একজন বাবা। গণেশ চতুর্থীর অত্যন্ত শুভ দিনে আমাদের ছেলের জন্ম হয়েছে। মা এবং বাচ্চা দুজনই এখন বাড়িতে আছে এবং ভালো আছে।’
ছেলের কোনো নাম রাখা হয়েছে কি না; জানতে চাইলে জুবিন জানালেন, ‘আমরা এখনো ছেলের নাম ঠিক করিনি। আপাতত সন্তানকে ঘিরে প্রতিটি মুহূর্ত আমরা উপভোগ করছি এবং ভালোবাসায় ভেসে যাচ্ছি।’
তবে বাবা হওয়ার পর কাজের সূত্রে বাইরে যাতায়াত করা কিছুটা কঠিন হয়ে পড়বে বলেও জানালেন তিনি। জুবিন বললেন, ‘কাজের জন্য এখন শহরের বাইরে যাওয়া সত্যিই কঠিন হবে। এখন প্রতিটা মুহূর্ত আমি আমার সন্তানের সঙ্গে কাটাচ্ছি, এই অনুভূতির কোনো তুলনা হয় না।’
চলতি বছরের এপ্রিল মাসেই শৈশবের ভালোবাসার মানুষের সঙ্গে গাঁটছড়া বাঁধেন দেরাদুনের এই তারকা গায়ক। তবে নিজের স্ত্রীকে সবসময় লাইমলাইটের আড়ালেই রেখেছেন জুবিন, এখনো পর্যন্ত প্রকাশ্যে আনেননি স্ত্রীর পরিচয়।
২০১১ সালে ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’ থেকে উঠে এসে ২০১৪ সালে ‘সোনালী ক্যাবল’ সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করেন জুবিন। এরপর ‘বজরঙ্গি ভাইজান’-এর ‘জিন্দেগি কুছ তো বাটা’, ‘কাবিল'-এর ‘কাবিল হুঁ’, ‘তুম হি আনা’ এবং ‘শেরশাহ’-এর কালজয়ী গান ‘রাতাঁ লাম্বিয়াঁ’ গেয়ে তিনি বিশ্ব জুড়ে কোটি ভক্তের মন জয় করে নেন।




