জাবিতে ‘বাউল বিসর্গ’, বাউলগান ও পঞ্চকবির বাউল দর্শন নিয়ে আয়োজন

ছবি: আগামীর সময়
বাংলার লোকসংগীত ও বাউল দর্শনের গভীরতর উপলব্ধি এবং পঞ্চকবির বাউলসুরের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ তৈরির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘বাউল বিসর্গ’।
বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন সুস্বরের আয়োজনে আগামী ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
‘পৃথিবীটা একদিন বাউলের হবে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বাউল দর্শন ও বাংলা লোকসংগীত নিয়ে আলোচনা, বাউল ও লোকগানের পরিবেশনা এবং সমকালীন লোকসংগীতের বিশেষ পরিবেশনা থাকবে।
আয়োজনে সুস্বরের শিল্পীদের পাশাপাশি বাংলাদেশের প্রখ্যাত লোকসংগীতশিল্পী খালেক দেওয়ান ও তাঁর দল পালাগান নিয়ে অংশ নেবেন। এছাড়া ভারতের জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী ও ‘দ্য ট্যাগোর বয়েজ’-এর কণ্ঠশিল্পী দীপাঞ্জন পাল, বাংলাদেশের নজরুলসংগীতশিল্পী শুভ কর্মকার এবং রবীন্দ্রসংগীতশিল্পী হৃষিৎ মুখোপাধ্যায়সহ সংগীতশিল্পী, বাদ্যযন্ত্রী ও আলোচকরা উপস্থিত থাকবেন।
আয়োজকরা জানান, বাংলা লোকসংগীত কেবল গান নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের জীবন, দর্শন, প্রেম, বিরহ, আধ্যাত্মিকতা এবং বাংলার দীর্ঘ সাংস্কৃতিক ইতিহাস। চিরায়ত বাউলগান বিভিন্নভাবে শোনা গেলেও বাংলার পঞ্চকবির বাউল দর্শন ও গান খুব কম শ্রোতাই শুনে থাকেন। ‘বাউল বিসর্গ’-এর মধ্য দিয়ে সেই বহুমাত্রিক ঐতিহ্যকে গান, কথন ও আলোচনার মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হবে।
সুস্বর ২০১৩ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংগীতচর্চা করে আসছে। শুদ্ধ সংগীতের প্রসারে অঙ্গীকারবদ্ধ কয়েকজন তরুণের হাত ধরে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিসরে নিয়মিত সংগীতচর্চা ও বিভিন্ন আয়োজনের মাধ্যমে সক্রিয় ভূমিকা রেখে আসছে।
সুস্বরের আয়োজিত উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ‘ভাব সায়রের নাইয়া’, ‘গানে গানে রবি-নজরুল’, ‘অনুরাগে হিয়া জাগে’, ‘সপ্তসুরে সুস্বর’, ‘শাস্ত্রীয় সুরে সুস্বর-আন্তঃবিশ্ববিদ্যালয় সংগীত উৎসব’, ‘নব আনন্দে জাগো’ ও ‘আড্ডা গানে ক্যাম্পাস’সহ আরও বেশ কিছু সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
‘বাউল বিসর্গ’ প্রসঙ্গে আয়োজকরা বলেন, বর্তমান সময়ে লোকসংগীতের সঙ্গে নতুন প্রজন্মের সম্পর্ক আরও গভীর করা এবং বাউল দর্শনের মানবিক ও অসাম্প্রদায়িক চেতনাকে বৃহত্তর সাংস্কৃতিক পরিসরে তুলে ধরা জরুরি। সেই ভাবনা থেকেই এবারের আয়োজন।
আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব, সাংবাদিক, শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে সুস্বর।
অনুষ্ঠানটি আগামী ২০ সেপ্টেম্বর রবিবার বিকেল সাড়ে ৩টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।




