হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানে গায়িকাকে ৭৪ বেত্রাঘাত

জনপ্রিয় ইরানি সংগীতশিল্পী পারাস্তু আহমাদি। ছবি / সংগৃহীত
ইরানে বাধ্যতামূলক হিজাব ছাড়া গান গাওয়ায় জনপ্রিয় সংগীতশিল্পী পারাস্তু আহমাদিসহ তার দলের চার সদস্যকে ৭৪টি করে বেত্রাঘাত করা হয়েছে। সোমবার দেশটির কোম শহরে এই শাস্তি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ বছর বয়সী আহমাদি ২০২৪ সালের ডিসেম্বরে সরাসরি সম্প্রচারিত একটি কনসার্টে হাতাকাটা পোশাক পরে গান গেয়েছিলেন। ইরানের আইনে নারীদের প্রকাশ্যে গান পরিবেশন নিষিদ্ধ। এ ছাড়া তাদের মাথায় স্কার্ফ ও শালীন পোশাক পরা বাধ্যতামূলক।
গত জুনে কোমের একটি ফৌজদারি আদালত ‘জনশালীনতা লঙ্ঘন’ এবং ‘অশ্লীল ও অশালীন বিষয়বস্তু প্রকাশের’ অভিযোগে আহমাদিসহ নয়জনকে দোষী সাব্যস্ত করেন। এসব অভিযোগ অস্বীকার করেছিলেন অভিযুক্তরা। বেত্রাঘাতের পাশাপাশি তাদের দৃশ্য-শ্রাব্য মাধ্যমে কাজ করা এবং দুই বছর বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। গত সেপ্টেম্বরের শেষ দিকে আপিল আদালতও সাজা বহাল রাখেন।
আহমাদির আইনজীবী বিবিসিকে জানিয়েছেন, তার মক্কেল ও চার পুরুষ সহ-অভিযুক্তকে কোমের ফৌজদারি সাজা কার্যকর দপ্তরের তৃতীয় শাখায় বেত্রাঘাত করা হয়েছে। সাজা বাতিল, কমানো কিংবা স্থগিত করার জন্য তারা সব ধরনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এমনকি সাজা কার্যকরের সময় পিছিয়ে দেওয়ার আবেদনও কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করেছে।
সংস্কারপন্থী দৈনিক এত্তেমাদ আরেক আইনজীবী মোস্তফা নিলির বরাতে বেত্রাঘাত পাওয়া চার ব্যক্তির নাম প্রকাশ করেছে। তারা হলেন সোহেইল ফাকিহ-নাসিরি, আমিন তাহেরি, আমিরালি পিরনিয়া ও মোহসেন লাশকারি।
এই শাস্তির নিন্দা জানিয়েছেন ইরানের শিল্পী ও মানবাধিকারকর্মীরা। যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরানের কর্মকর্তা বাহার ঘান্দেহারি বলেছেন, নিজের পছন্দমতো পোশাক পরে গান গাওয়ার কারণে আহমাদিকে বেত্রাঘাত করা তার মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এটি নারীর স্বাধীনতা দমনে ইরানি কর্তৃপক্ষের কঠোর অবস্থানেরও প্রমাণ।
ইরানে বয়ঃসন্ধি পেরোনো নারী ও মেয়েদের চুল ঢেকে হিজাব পরা এবং শরীরের গড়ন আড়াল করে এমন ঢিলেঢালা পোশাক পরা বাধ্যতামূলক।
২০২২ সালে হিজাব ঠিকমতো না পরার অভিযোগে আটক কুর্দি তরুণী মাহসা আমিনির পুলিশ হেফাজতে মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই বিক্ষোভে নারীরা হিজাব পুড়িয়ে ও মাথার ওপর তুলে প্রতিবাদ জানান। নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে শত শত মানুষ নিহত হন। এরপর অনেক নারী প্রকাশ্যে হিজাব পরা বন্ধ করে দেন। জবাবে কর্তৃপক্ষ গ্রেপ্তার, সতর্কতা ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধসহ নানা পদক্ষেপ নেয়।
চলতি বছরের জানুয়ারিতে অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভও কঠোরভাবে দমন করে নিরাপত্তা বাহিনী। নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটসের হিসাবে, ওই বিক্ষোভে জড়িত থাকার দায়ে অন্তত ৩৯ জন এবং ২০২২ সালের বিক্ষোভে জড়িত থাকার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ ছাড়া আরও ১৬ জন বিরোধী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতা এবং ১৭ জনকে গুপ্তচরবৃত্তি বা বিদেশি রাষ্ট্রের সঙ্গে সহযোগিতার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সংস্থাটির দাবি, জানুয়ারিতে আটক আরও ১২১ বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে ছয় নারী ও পাঁচ অপ্রাপ্তবয়স্ক রয়েছে। তাদের যেকোনো সময় মৃত্যুদণ্ড কার্যকরের আশঙ্কা রয়েছে।
সূত্র : বিবিসি






