সাত শর্ত না মানলে আলোচনা নয়, সংঘাত বাড়ানোর হুঁশিয়ারি ইরানের

তেহরানের রাস্তায় মার্কিন বিরোধী গ্রাফিতির সামনে কয়েকজন ইরানি। ফাইল ছবি / রয়টার্স
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে নিজেদের অবস্থান অপরিবর্তিত থাকার কথা জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, ইরানের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পদক্ষেপ বা আলোচনা হবে না। একই সঙ্গে শত্রুপক্ষ কোনো ভুল পদক্ষেপ নিলে সংঘাতের বিস্তৃতি বাড়ানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে গালিবাফের বক্তব্য তুলে ধরা হয়েছে। তিনি বলেছেন, ‘আমাদের অবস্থান আগেই জানানো হয়েছে। ইরানের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হবে না, আলোচনাও হবে না।’
গালিবাফ আরও বলেছেন, শত্রুপক্ষের যেকোনো আগ্রাসী পদক্ষেপের কঠোর জবাব দিতে ইরান প্রস্তুত। শত্রুপক্ষ ভুল হিসাব করলে সংঘাতের ভৌগোলিক পরিসরও বাড়ানো হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সাম্প্রতিক ‘অর্থহীন মন্তব্য ও হুমকির’ জবাবে তিনি এসব কথা বলেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেসেন্ট বলেছেন, ইরানের অবৈধ আর্থিক নেটওয়ার্কগুলো পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত তার দপ্তরের অভিযান চলবে। তিনি লিখেছেন, ‘সাপের মাথা কবর দেওয়া পর্যন্ত’ এই তৎপরতা অব্যাহত থাকবে।
ইরানের সাত শর্তের মধ্যে রয়েছে দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি অর্থ ছাড়, সব রণাঙ্গনে শত্রুতা বন্ধ এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধের অবসান ঘোষণা।
সূত্র : আলজাজিরা




