ভালোবাসার প্রেশার কুকারে শিল্পা শেঠি

শিল্পা শেঠি
টেলিভিশনের পর্দায় নতুন রিয়েলিটি শো নিয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সম্পর্কের নানা জটিলতা ও সমীকরণ নিয়ে তৈরি অনুষ্ঠানটির নাম ‘পেয়ার কা প্রেশার কুকার’। কালার্স টিভিতে প্রচারের পাশাপাশি এটি দেখা যাবে জিওহটস্টারে। ধারণা করা হচ্ছে, বর্তমানে ‘বিগ বস’-এর জন্য বরাদ্দ সময়েই প্রচারিত হবে নতুন অনুষ্ঠানটি।‘পেয়ার কা প্রেশার কুকার’-এ এক ছাদের নিচে থাকবেন বেশ কয়েকটি যুগল। সেখানে নিজেদের সম্পর্কের সমস্যা, ভবিষ্যৎ পরিকল্পনা ও পারস্পরিক বোঝাপড়া নিয়ে খোলামেলা আলোচনা করবেন তারা। সম্পর্কের প্রতিশ্রুতি, পরিস্থিতির চাপে তৈরি হওয়া সম্পর্ক এবং একসঙ্গে ভবিষ্যৎ গড়ার অনিশ্চয়তার মতো বিষয় উঠে আসবে অনুষ্ঠানে।
শুধু যুগলরাই নন, তাদের অভিভাবকদেরও যুক্ত করা হবে এই আয়োজনে। ‘জোড়ো ইয়া তোড়ো’ ও ‘ক্ল্যারিটি কি সিটি’ শিরোনামের বিশেষ পর্বে নিজেদের মতামত জানাবেন পরিবারের সদস্যরা। তাদের দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে সম্পর্কের নানা জটিলতা ও সিদ্ধান্তের বিষয়গুলো তুলে ধরা হবে। অনুষ্ঠানটি নিয়ে শিল্পা শেঠি বলেন, ‘বর্তমানে সম্পর্কের সঙ্গে যুক্ত হয়েছে নতুন নতুন শব্দ। সিচুয়েশনশিপ, ব্রেডক্রাম্বিং কিংবা বেঞ্চিংয়ের মতো ধারণার ভিড়ে কোথাও যেন সম্পর্কের স্বচ্ছতা হারিয়ে যাচ্ছে।’ চলতি বছর ‘মা হ্যায় না’ অনুষ্ঠানের পর এবার নতুন রিয়েলিটি শো ‘পেয়ার কা প্রেশার কুকার’ নিয়ে ফিরছেন তিনি। এখনো নতুন অনুষ্ঠানটির প্রচারের তারিখ এবং অংশগ্রহণকারী যুগলদের নাম প্রকাশ করা হয়নি।




