মিউজিক ভিডিওর অলংকার

মিউজিক ভিডিওতেই এখন বেশ সরব মডেল-অভিনেত্রী অলংকার চৌধুরী। একের পর এক গানের ভিডিওতে মডেল হয়ে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি। ‘নয়া বাতাস’, ‘বসন্তের কোকিল’, ‘ঘুরাই চলো মনের হুইল’, ‘সোনা বন্ধের গায়’, ‘কালাচান ২.০’, ‘আগুন লাগাইয়া দিলো’, ‘পাগলা পাগলী’সহ বিভিন্ন গানের ভিডিওতে তার উপস্থিতি দর্শকের দৃষ্টি কেড়েছে।
‘ভালো রেখো তোমায়’ দিয়ে সাড়া
অভিনয়জীবনের শুরুতে নাটকই ছিল অলংকারের মূল জায়গা। ‘ভালো রেখো তোমায়’ নাটকটি তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি জানিয়েছেন, নতুন একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত নাটকটি কয়েক দিনের মধ্যে প্রায় ৫০ লাখ ভিউ পেয়েছিল। দর্শকের ইতিবাচক সাড়া তাকে অভিনয়ে আরও উৎসাহিত করেছে। এরপর একের পর এক নাটকের প্রস্তাব আসতে থাকে। ‘কোহিনুর চেয়ারম্যান’, ‘আপন বাঁকে’, ‘কেন মেঘ আসে হৃদয় আকাশে’, ‘প্রেম মানে তুমি’, ‘বড় বোন’, ‘সুলতানা’, ‘শেষ থেকে শুরু’, ‘ভালো রেখো তোমায়’, ‘প্রকৃতি কন্যা’র মতো নাটকে অভিনয় করেন তিনি। কিছুদিনের মধ্যেই সোহানুর রহমান সোহানের ‘এআই বউ’ নাটকের সিক্যুয়েলে অভিনয় করবেন তিনি।
মিউজিক ভিডিওতে স্বাচ্ছন্দ্য
মিউজিক ভিডিওতে কাজ করার প্রতি নিজের স্বাচ্ছন্দ্যের কথা জানিয়ে অলংকার বলেছেন, ‘মানসম্পন্ন বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করেছি। দর্শকের ভালোবাসা এবং নির্মাতাদের আস্থাই আমার বড় প্রাপ্তি।’ সম্প্রতি বিএফডিসিতে মিলন ও দোলার গাওয়া ‘হাওয়া হাওয়া’ গানের ভিডিওর শুটিং করেছেন অলংকার।
সম্প্রতি প্রকাশিত দুটি গানের ভিডিওতে তাকে দেখা গেছে। একটি হৈমন্তী রক্ষিতের ‘পাখিরে’, অন্যটি মোহাম্মদ মিলনের ‘প্রেমের সমাধি ২.০’। দুটি গানের ভিডিওতেই তার উপস্থিতি নজর কেড়েছে। তিনি জানিয়েছেন, ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমের সমাধি’ সিনেমার টাইটেল গানটি ৩০ বছর পর নতুন আঙ্গিকে এসেছে।



