কান-ভেনিসের সিনেমার সঙ্গে ‘রইদ’

‘রইদ’ সিনেমার দৃশ্যে মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি । ছবি: ফেসকার্ড প্রোডাকশন
ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৭তম আসরে কান ও ভেনিসের কয়েকটি সিনেমার পাশাপাশি নির্বাচিত হলো মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’। বিশ্বের বিভিন্ন প্রান্তের উদীয়মান নির্মাতাদের প্রথম ও দ্বিতীয় সিনেমার বিভাগে দেখানো হবে এটি। গতকাল আয়োজকরা এ ঘোষণা দিয়েছেন। ভারতের গোয়া শহরে আগামী ২০ থেকে ২৮ নভেম্বর হবে এবারের আসর।
শৈশবে মায়ের কাছে শোনা গল্প, নিজের চোখে দেখা এক দম্পতি ও হাজার বছরের পুরনো ঐতিহাসিক লোকজ আখ্যানের মিশেলে নিজের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘রইদ’ বানিয়েছেন মেজবাউর রহমান সুমন। সাধু, তার পাগল স্ত্রী ও তাদের বাড়ির পাশের একটি তালগাছকে কেন্দ্র করে এর গল্প আবর্তিত হয়েছে। সাধু চরিত্রে মোস্তাফিজুর নূর ইমরান এবং তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। ‘হাওয়া’র পর ‘রইদ’-এর মাধ্যমে দ্বিতীয়বার মেজবাউর রহমান সুমনের সঙ্গে কাজ করলেন তুষি।
৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের টাইগার কম্পিটিশন শাখায় নির্বাচিত সিনেমাটি নির্মাণের ভাবনা ও দর্শন নিয়ে মেজবাউর রহমান সুমন বলেছেন, ‘গল্পে আমরা আদতে আদম ও হাওয়ার আদিম আখ্যানকেই খোঁজার চেষ্টা করেছি। হাজার বছরের পুরনো সেই আখ্যানকে অনুভূতির বর্তমানে পুনর্নির্মাণ করেছি আমরা। এর প্রতিটি স্তরে জড়িয়ে আছে চিত্রশিল্পী এস এম সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ।’
‘রইদ’-এর গল্প যৌথভাবে লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য তৈরি করেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ ও সুকর্ণ শাহেদ ধীমান। গ্রামীণ পটভূমিতে বড় পরিসরে নির্মিত ২ ঘণ্টা ৭ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ফেসকার্ড প্রোডাকশন এবং ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ।
‘রইদ’-এর পাশাপাশি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার উদীয়মান নির্মাতাদের বিভাগে রয়েছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সাঁর্তে রিগা বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া কোস্টারিকান-ফরাসি নারী ভ্যালেন্টিনা মরেল পরিচালিত ‘ফরেভার ইউর ম্যাটারনাল অ্যানিম্যাল’ এবং সেরা অভিনেতার পুরস্কার পাওয়া কঙ্গোর রাফিকি ফারিয়ালার ‘কঙ্গো বয়’। আসরে আরও থাকছে কান উৎসবের আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত গ্রিসের কনস্তান্তিনা কৎজামানি পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘টাইটানিক ওশান’, কানের সমান্তরাল শাখা ডিরেক্টর’স ফোর্টনাইটে নির্বাচিত যুক্তরাষ্ট্রের রিড ভ্যান ডাইকের ‘অ্যাটোনমেন্ট’, ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি বিভাগে নির্বাচিত সার্বিয়ার ইয়েলেনা মাকসিমোভিচের ‘আনটিল দ্য ডে এন্ডস’ এবং জার্মানির ইয়ানিস লেন্সের ‘ওয়েসিস’।
এ ছাড়া আছে ফিলিপাইনের আরভিন বেলারমিনো পরিচালিত ‘রিয়া’ এবং ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে নির্বাচিত পি আর মনেনসিলো পাতিনদলের ‘আই গ্রু অ্যান ইঞ্চ হোয়েন মাই ফাদার ডাইড’।




