আবেগঘন গল্পে মার্গারেট কোয়ালি

আমেরিকান অভিনেত্রী মার্গারেট কোয়ালি
আমেরিকান অভিনেত্রী মার্গারেট কোয়ালি ‘লাভ অব ইয়োর লাইফ’ সিনেমার গল্প পড়তে গিয়ে কেঁদে ফেলেছিলেন। হৃদয়বিদারক ও অপ্রত্যাশিত প্রেমের গল্পনির্ভর এই চলচ্চিত্রের চিত্রনাট্য তাকে বেশ আলোড়িত করেছে। এর প্রায় প্রতিটি দৃশ্যেই থাকছেন তিনি। এতে মায়া নামের এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন ৩১ বছর বয়সী এই তারকা। কয়েক বছর ও একাধিক দেশ জুড়ে বিস্তৃত তার অভিনীত চরিত্রটি।
সিনেমার কাহিনিতে মায়ার জীবনের নানা বাঁক তুলে ধরা হয়েছে। চিত্রনাট্যকার জুলিয়া কক্সের লেখা গল্পের শুরুতে মেয়েটিকে বোস্টনে বসবাসকারী ২৬ বছর বয়সী এক নার্স হিসেবে দেখা যাবে। চার্লি নামের এক তরুণের প্রেমে পড়ে সে। প্রিয়জনদের না জানিয়ে আকস্মিকভাবে বিয়ের আয়োজন করে তারা। কিন্তু তাদের আবেগঘন প্রেমের গল্প একপর্যায়ে ঘূর্ণিঝড়ের মতো মর্মান্তিক মোড় নেয়। এরপর মায়াকে নতুন করে জীবন শুরু করতে হয়।
মায়া চরিত্রে কাজের প্রস্তুতি নিতে কভিড-১৯ মহামারীর সময় দায়িত্ব পালন করা বেশ কয়েকজন জরুরি বিভাগের নার্সের সঙ্গে কথা বলেন মার্গারেট কোয়ালি। কারণ মায়ার ক্ষেত্রে মানসিক আঘাত-পরবর্তী চাপের (পিটিএসডি) ধরনটি ছিল ভিন্ন। পরিচালক র্যাচেল মরিসনের ভাষায়, এর উদ্দেশ্য ছিল ‘বিস্তারিত বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরা’ এবং জীবন বাজি রেখে মানুষের সেবা করা স্বাস্থ্যকর্মীদের প্রতি যথাযথ সম্মান জানানো।
গত মাসে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ারের আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়ালি বললেন, ‘চিত্রনাট্যটি পড়ে অভিভূত হয়ে গিয়েছিলাম। এটি পড়তে গিয়ে আমার চোখে পানি চলে এসেছিল।’
গত ৭ অক্টোবর থেকে সীমিত পরিসরে প্রেক্ষাগৃহে প্রদর্শন হচ্ছে ‘লাভ অব ইয়োর লাইফ’। আগামী ১৪ অক্টোবর অামাজন প্রাইম ভিডিওতে বিশ্বব্যাপী মুক্তি পাবে এটি। এতে আরও অভিনয় করেছেন ‘দ্য হোয়াইট লোটাস’খ্যাত প্যাট্রিক শোয়ার্জনেগার এবং অস্কার মনোনীত অভিনেত্রী ক্যাথরিন কিনার।
চলতি বছর মুক্তিপ্রাপ্ত রিডলি স্কটের ‘দ্য ডগ স্টারস’-এ জ্যাকব এলর্ডি, গাই পিয়ার্স ও জশ ব্রোলিনের সঙ্গে অভিনয় করেন মার্গারেট কোয়ালি। তার অভিনীত সিনেমার তালিকায় আরও আছে ‘দ্য নাইস গাইস’ (২০১৬), ‘ডেথ নোট’ (২০১৭) এবং কোয়েন্টিন ট্যারান্টিনোর ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ (২০১৯), ইয়র্গোস লানথিমোসের ‘পুয়োর থিংস’ (২০২৩) ও ‘কাইন্ডস অব কাইন্ডনেস’ (২০২৪)। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত বডি হররধর্মী চলচ্চিত্র ‘দ্য সাবস্ট্যান্স’-এ অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে মনোনয়ন পান তিনি।
মার্গারেট কোয়ালির রক্তেই আছে অভিনয় আর গান। তার মা মডেল-অভিনেত্রী অ্যান্ডি ম্যাকডাউয়েল। আর বাবা গায়ক, সংগীত পরিচালক জ্যাক অ্যান্টোনফ। শৈশবে তিনি ব্যালে নৃত্যের প্রশিক্ষণ নেন মার্গারেট। ২০১৩ সালে ‘প্যালো অল্টো’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত এইচবিওর ‘দ্য লেফটওভারস’ সিরিজে পার্শ্বচরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি।
২০১৯ সালে এফএক্সের মিনিসিরিজ ‘ফসে ভের্দন’-এ অ্যান রেইঙ্কিংয়ের চরিত্রে অভিনয়ের জন্য এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পান তিনি। ২০২১ সালে নেটফ্লিক্সের মিনিসিরিজ ‘মেইড’-এ নাম-ভূমিকায় অভিনয় করে এমি অ্যাওয়ার্ডসের পাশাপাশি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে মনোনয়ন পান তিনি।




