মৌসুমীকে নিয়ে নতুন সিনেমা
বিনোদন প্রতিবেদক

অভিনেত্রী মৌসুমী। ছবি: সংগৃহীত
অভিনেত্রী মৌসুমীকে নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘এ বিউটিফুল লাই’। সম্প্রতি প্রকাশিত পোস্টারে রহস্যময় লুকে দেখা গেছে এই অভিনেত্রীকে। ‘ভালোবাসা, বিশ্বাস ও বিশ্বাসঘাতকতার গল্প’কে কেন্দ্র করে নির্মিত কাজটির পোস্টারে লেখা হয়েছে— ‘সে ছিল নিখুঁত স্ত্রী, সেটাই ছিল মিথ্যা।’
পাশাপাশি গল্পে রহস্য ও খুনের ইঙ্গিতও রয়েছে।
‘এ বিউটিফুল লাই’ পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। গল্প ও চিত্রনাট্য লিখেছেন ইফফাত আরেফিন তন্নী। সিনেমাটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে। শিগগিরই অন্যান্য অভিনয়শিল্পীর নাম জানানো হবে। মৌসুমী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানে বিভিন্ন নাটক-সিনেমায় অভিনয় করছেন।





