বাংলাদেশ থিয়েটারের ৪০ বছর
শিল্পকলায় আজ থেকে শুরু ৯ দিনব্যাপী নাট্যোৎসব

‘সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা’ নাটকের দৃশ্য - বাংলাদেশ থিয়েটার
নাট্যচর্চার চার দশক পূর্তি উপলক্ষে দেশ জুড়ে নাট্যোৎসব আয়োজন করছে বাংলাদেশ থিয়েটার। এর অংশ হিসেবে আজ থেকে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ‘বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬’-এর ঢাকা মহানগর পর্ব। ৯ দিনব্যাপী এ উৎসবে থাকছে ১২টি দলের ১২টি নাটক।
১৩ থেকে ২১ নভেম্বর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও এক্সপেরিমেন্টাল থিয়েটার মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নাটকের প্রদর্শনী হবে।
বাংলাদেশ থিয়েটারের সম্পাদক, অভিনেতা ও নির্দেশক খন্দকার শাহ আলম আগামীর সময়কে বললেন, “মঞ্চের আলোয় আমরা পথ চলছি চার দশক। ‘নাটক হোক সুস্থ মননশীলতা সৃষ্টির তীর্থক্ষেত্র’ স্লোগান নিয়ে ১৯৮৬ সালের ১৪ নভেম্বর যাত্রা শুরু করে বাংলাদেশ থিয়েটার। প্রায় ৩৫ বছর ধরে আমরা প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আয়োজন করে আসছি, এর মূল উদ্দেশ্য মিলনমেলা তৈরি করা। ঢাকা পর্বের পর চট্টগ্রাম, খুলনা, রংপুর এবং বরিশাল বিভাগীয় শহরেও এই উৎসব বিস্তৃত হবে।”
উৎসবের সূচি
আজ শুক্রবার সকাল ১০টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। সকাল ১০টা ৩০ মিনিটে রয়েছে বেলুন-পায়রা ওড়ানো, আনন্দ শোভাযাত্রা ও স্মৃতিচারণ পর্ব। সকাল ১১টায় ‘মঞ্চমেলা ১ম পর্ব’, দুপুর ২টা ৩০ মিনিটে ‘মঞ্চমেলা ২য় পর্ব’ এবং বিকাল ৪টা ৩০ মিনিটে উন্মুক্ত মঞ্চে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা ৭টায় রয়েছে ‘সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা’র ৪৮তম প্রদর্শনী।
আগামীকাল শনিবার জাতীয় নাট্যশালায় থিয়েটার প্রযোজিত ‘বারামখানা’ নাটকের মঞ্চায়ন হবে। রচনা পান্থ শাহরিয়ার, নির্দেশনায় ত্রপা মজুমদার। একই দিন এক্সপেরিমেন্টাল থিয়েটার মিলনায়তনে মহাকাল নাট্য সম্প্রদায় মঞ্চায়ন করবে নাটক ‘নীলাখ্যান’। রচনা আনন জামান, নির্দেশনা ইউসুফ হাসান অর্ক।
১৫ নভেম্বর জাতীয় নাট্যশালায় দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ এবং এক্সপেরিমেন্টাল থিয়েটার মিলনায়তনে দেখা যাবে দৃষ্টিপাত নাট্য সংসদের ‘কয়লা রঙের চাঁদর’ নাটক। ‘নিত্যপুরাণ’-এর নাট্যরূপ ও নির্দেশনা মাসুম রেজার। ‘কয়লা রঙের চাঁদর’ লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন ম আ সালাম।
১৬ নভেম্বর জাতীয় নাট্যশালায় বহুবচনের ‘অনিকেত সন্ধ্যা’ এবং এক্সপেরিমেন্টাল থিয়েটার মিলনায়তনে নাট্যম রেপার্টরির ‘দমের মাদার’ নাটকের প্রদর্শনী হবে। ‘অনিকেত সন্ধ্যা’র রচনা চন্দন সেন, নির্দেশনায় আরহাম আলো। ‘দমের মাদার’-এর রচনা সাধনা আহমেদ, নির্দেশনায় আইরিন পারভীন লোপা।
১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত উৎসবের নাটক মঞ্চায়ন হবে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। ১৭ নভেম্বর নাট্যতীর্থের ‘দ্বীপ’, ১৮ নভেম্বর নান্দনিক নাট্য সম্প্রদায়ের ‘নৃপতি’, ১৯ নভেম্বর স্বপ্নদলের ‘হরগজ’, ২০ নভেম্বর নাগরিক নাট্যাঙ্গনের ‘দুই পাখি ও নন্দিনী’ এবং ২১ নভেম্বর উৎসবের সমাপনীতে থাকছে ঢাকা থিয়েটারের ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’।
নাটক প্রদর্শনীর পাশাপাশি উৎসব চলাকালে উন্মুক্ত মঞ্চে প্রতিদিন বিকাল ৪টা থেকে থাকবে নৃত্য, সংগীত, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা।




