টাকমাথায় হাজির হচ্ছেন হুমা কুরেশি

হুমা কুরেশি - ইনস্টাগ্রাম
ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত ওয়েব সিরিজ ‘মহারানী’র পঞ্চম মৌসুমের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। এতে আবারও রানী ভারতীর চরিত্রে ফিরছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। তবে এবার তাকে দেখা যাবে একেবারেই ভিন্ন রূপে। এর মধ্যে টাকমাথায় পর্দায় হাজির হবেন তিনি। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘মহারানী’র প্রথম মৌসুম থেকেই রানী ভারতী চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন হুমা। ন্যাড়া মাথায় কাজ করার অভিজ্ঞতা তার জন্য একেবারেই নতুন। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এ মৌসুমে আমাকে এমন কিছু করতে হয়েছে, যা আগে কখনো চেষ্টা করিনি। ন্যাড়া মাথায় ক্যামেরার সামনে দাঁড়ানোর শুরুতে কিছুটা নার্ভাস ছিলাম, একই সঙ্গে ভীষণ রোমাঞ্চিতও ছিলাম।’
চরিত্রটির প্রতি নিজের আলাদা ভালো লাগার কারণ জানিয়েছেন হুমা। তার ভাষায়, ‘সবসময় এমন চরিত্রের প্রতি আকৃষ্ট হয়েছি, যাদের মধ্যে নানা স্তর রয়েছে। যাদের ভালো কিংবা মন্দের প্রচলিত সংজ্ঞায় আটকে রাখা যায় না। রানী ভারতীর মতো চরিত্রের প্রস্তাব খুব বেশি আসে না। সে প্রচলিত নিয়মকে বারবার চ্যালেঞ্জ করে এবং নিজের পথ তৈরি করার শক্তি রাখে।’
রানী ভারতী চরিত্রটি প্রতিবারই তাকে নতুনভাবে চ্যালেঞ্জ করে বলে জানিয়েছেন অভিনেত্রী। হুমা বলেন, ‘শিল্পী হিসেবে এই চরিত্র আমাকে ধারাবাহিকভাবে চ্যালেঞ্জ করেছে। প্রতিটি নতুন মৌসুমে আবারও চরিত্রটিতে অভিনয় করার আগ্রহ তৈরি হওয়ার মূল কারণ এটাই।’
‘মহারানী ৫’ সনি লিভে মুক্তি পাবে আগামী বছরের ফেব্রুয়ারিতে।




