মানুষকে হাসানো মোটেও সহজ নয় : নাভিদ মাহবুব

নাভিদ মাহবুব - নূর
স্ট্যান্ডআপ কমেডিয়ান, আমিন হান্নান চৌধুরী ও আহমেদ আশিক একমঞ্চে কমেডি পরিবেশন করবেন। আজ সন্ধ্যা ৭টায় ঢাকার বনানীতে নাভিদস কমেডি ক্লাবে রয়েছে এ আয়োজন। এর প্রতিষ্ঠাতা নাভিদ মাহবুবের সাক্ষাৎকার নিয়েছেন মীর রাকিব হাসান
যখন স্ট্যান্ডআপ কমেডি শুরু করেছিলেন, তখনকার চেয়ে এখন কী পার্থক্য দেখেন?
এখন অনেক বেশি মানুষ এই মাধ্যমে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে কমেডি ছড়িয়ে দেওয়ার সুযোগ বেড়েছে। আগে হয়তো নির্দিষ্ট কিছু জায়গায় কমেডি হতো, এখন বিভিন্ন জায়গায় হচ্ছে। অনলাইন প্ল্যাটফর্মে ভালো মানের হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করছেন অনেকে। ফলে এই অঙ্গনে ইতিবাচক প্রতিযোগিতা বাড়ছে।
মানুষকে হাসানো কতটা কঠিন কাজ?
মানুষকে হাসানো মোটেও সহজ নয়। কারণ স্ট্যান্ডআপ কমেডিতে একই কৌতুক বারবার বলা যায় না। গান যেমন বারবার শুনতে ভালো লাগে, পরিচিত গান শুনলে দর্শকও গলা মেলান, কমেডির ক্ষেত্রে বিষয়টি আলাদা। দর্শক সবসময় নতুন কিছু শুনতে চান। ধরুন, আজ ১০০ জনের সামনে একটি কমেডি শো করলাম। এক সপ্তাহ পর তাদের মধ্যে ২০ জন আবার আমার শো দেখতে এলেন। তখন যদি একই কথা বলি, তারা বিরক্ত হবেন। তাই একজন কমেডিয়ানকে প্রতিনিয়ত নতুন কনটেন্ট তৈরি করতে হয়। দুই-তিন মিনিটের একটি মজার কমেডি তৈরি করতেও পাঁচ-ছয় মাস সময় লেগে যেতে পারে।
স্ট্যান্ডআপ কমেডিয়ানরা কি শুধু মানুষকে হাসান, নাকি এর মাধ্যমে সামাজিক বার্তাও দেন?
স্ট্যান্ডআপ কমেডি শুধু চুটকি বলার বিষয় নয়। এর মৌলিক ধারণা হলো, বাস্তবের কোনো সত্যকে একটু অতিরঞ্জিত করে মজার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা। দর্শক তখন নিজের জীবনের সঙ্গে সেই ঘটনার মিল খুঁজে পান। মনে করেন, এমন ঘটনা তো আমার জীবনেও ঘটেছে! এভাবেই হাসির মধ্য দিয়ে অনেক সত্য ও সামাজিক বার্তা উঠে আসে। একটি কথা আছে, ‘ট্র্যাজেডির অন্য পিঠেই কমেডি’। মানুষের জীবনে দুঃখ, কষ্ট, বিপদ কিংবা বিপর্যয় থাকে। কিন্তু মানুষ যখন সেই পরিস্থিতি কাটিয়ে ওঠে, তখন পেছনে ফিরে তাকিয়ে সেখানেও হাস্যরস খুঁজে পেতে পারে। মিছিল করে, প্রতিবাদ করে, লেখালেখির মাধ্যমে কিংবা নানা উপায়ে বার্তা দেওয়া যায়। কিন্তু হাসির মাধ্যমে কোনো বার্তা পৌঁছে দেওয়ার শক্তি অনেক বেশি। কারণ মানুষ হাসতে হাসতেই অনেক সময় গুরুত্বপূর্ণ সত্য উপলব্ধি করে।
স্ট্যান্ডআপ কমেডি করে কেমন আয় হয়? এটি পেশা হিসেবে নেওয়ার পর্যায়ে এসেছে?
স্ট্যান্ডআপ কমেডিতে আয়ের কোনো নির্দিষ্ট নিয়ম নেই। সাধারণত একটি শোয়ের জন্য পারিশ্রমিক নির্ধারণ করা হয়। প্রত্যেক কমেডিয়ানের নিজস্ব একটি রেট থাকে। তবে সেই রেট সবসময় পাওয়া যাবে, এমন নিশ্চয়তা নেই। এখানে চাহিদা ও জোগানের বিষয় রয়েছে। আমার ক্ষেত্রেও আয়ের পরিমাণ নির্ভর করে কোথায় এবং কোন ভাষায় শো করছি। বাংলাদেশে বাংলায় কমেডি করলে এক ধরনের আয় হয়, বিদেশে বাংলায় করলে আরেক রকম। আবার বিদেশে ইংরেজিতে কমেডি করলে আয় ভিন্ন হতে পারে। একজন কমেডিয়ান যত বেশি পরিচিত হবেন, তার শোয়ের চাহিদা তত বাড়বে। আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি তৈরি করতে পারলে বিভিন্ন দেশে শো করার সুযোগ হয়। দর্শক টিকিট কিনে শো দেখতে আগ্রহী হলে ভালো আয় করা সম্ভব।
দেশে স্ট্যান্ডআপ কমেডির প্রসার কীভাবে হতে পারে? এটি কবে পূর্ণাঙ্গ পেশা হয়ে উঠবে?
প্রসারের জন্য কমেডিয়ানদের নিজেদের আরও ভালো করে গড়ে তুলতে হবে। ছোট একটি গণ্ডির মধ্যে জনপ্রিয় হয়ে থাকলে চলবে না। প্রতিনিয়ত নিজের মান উন্নত করতে হবে। অনেকেই বলেছেন, এখন তো সবাই কমেডি করছেন। আমি বিষয়টিকে ইতিবাচকভাবে দেখি। সবাই যদি কমেডি করেন, তাহলে প্রতিযোগিতা বাড়বে। আর প্রতিযোগিতা বাড়লে নিজেকে অন্যদের চেয়ে ভালো করার চেষ্টা করতে হবে। বাংলাদেশের জনসংখ্যা অনেক বড়। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিভাবান মানুষ রয়েছেন। তাদের মধ্যে অনেকেই কমেডি করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে এখন নিজের কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়াও সহজ। স্মার্টফোন দিয়েই টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউবে কনটেন্ট প্রকাশ করা যায়। এর জন্য শুরুতেই বড় কোনো বিনিয়োগের প্রয়োজন হয় না। আমি আশাবাদী, সামনে কমেডিয়ানের সংখ্যা বাড়বে, প্রতিযোগিতা বাড়বে এবং কাজের মানও উন্নত হবে। তখন দর্শকের চাহিদা বাড়বে, পাশাপাশি কমেডিয়ানদের আয় ও কাজের সুযোগও তৈরি হবে। স্ট্যান্ডআপ কমেডি পেশা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পথে বড় কোনো বাধা দেখছি না। তবে এর জন্য অবশ্যই ভালো কাজ এবং নিরলস পরিশ্রম প্রয়োজন।




