ঢাকায় ফিরেই ব্যস্ত শাকিব

শাকিব খান- ইনস্টাগ্রাম
যুক্তরাষ্ট্রে একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত ও পেশাগত কাজ সেরে দেশে ফিরছেন ঢালিউড তারকা শাকিব খান। গতকাল সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা তার। শনিবার নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।
আগামী ১২ নভেম্বর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন শাকিব। এরপরই তিনি ‘নিঃস্ব’ সিনেমাটি নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় আগামী সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হবে ঢাকায়। দুদিনের কাজ শেষে পুরো ইউনিট যাবে কলকাতায়। সেখানেই ক্যামেরার সামনে দাঁড়াবেন শাকিব। কলকাতায় টানা এক মাসের বেশি সময় ধরে চলবে শুটিং।
সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয়ের জন্য ইধিকা পালের নাম শোনা যাচ্ছে। যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এ ছাড়া খলনায়ক চরিত্রের জন্য বলিউডের একজন অভিনেতার সঙ্গে আলোচনা চলছে।
গত বছর মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমার পর শাকিব ও হৃদয় আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন।
অ্যাকশন, রোমান্স ও প্রতিশোধের গল্প থাকছে ‘নিঃস্ব’-তে। ২০২৭ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এদিকে হিমেল আশরাফের পরিচালনায় ‘মহব্বত’ সিনেমার কাজও আছে শাকিবের হাতে। ‘প্রিয়তমা’ ও ‘রাজুকমার’-এর পর আবার জোট বেঁধেছেন তারা। সিনেমাটিতে শাকিবের বিপরীতে পাকিস্তানি নায়িকা কিনজা হাশমি থাকবেন বলে জোর গুঞ্জন রয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।




