মাধুরীর ‘কৌন বনেগা ক্রোড়পতি’
বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত
টেলিভিশনে নতুন ভূমিকায় আসছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। এবার জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মারাঠি সংস্করণ ‘কোন হোনার ক্রোড়পতি’র সঞ্চালকের দায়িত্ব নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানের প্রথম প্রচারণার ভিডিও প্রকাশ করে নতুন ভূমিকাটি সামনে আনেন অভিনেত্রী। প্রচারণায় ঐতিহ্যবাহী মারাঠি সাজে, নাকে নথ পরে দেখা গেছে মাধুরীকে। ভিডিওতে তার অভিনীত ‘হাম আপকে হ্যায় কৌন..!’ সিনেমার জনপ্রিয় গান ‘পেহলা পেহলা পেয়ার হ্যায়’-এর আবহসংগীত ব্যবহার করা হয়েছে। ‘কোন হোনার ক্রোড়পতি’ মাধুরীর প্রথম কুইজভিত্তিক রিয়্যালিটি শো সঞ্চালনার অভিজ্ঞতা। এর আগে নাচের রিয়্যালিটি শো সঞ্চালনা ও বিভিন্ন অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি। অনুষ্ঠানটি প্রচার হবে সনি মারাঠিতে এবং স্ট্রিমিং হবে সনি লিভে।




