৯ দলের নাটক নিয়ে ‘ঢাকা নাট্যোৎসব’

ঢাকার ৯টি নাট্যদলের নাটক নিয়ে উৎসব করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ‘ঢাকা নাট্যোৎসব’ শীর্ষক এ আয়োজনের উদ্বোধন হবে আজ। ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১৪ সেপ্টেম্বর প্রতিদিন সন্ধ্যা ৭টায় একটি করে মঞ্চনাটক উপভোগ করা যাবে।
জাতীয় নাট্যশালা মূল মিলনায়তনে আজ রয়েছে প্রাচ্যনাটের ‘কিনু কাহারের থেটার’। এটি লিখেছেন মনোজ মিত্র, নির্দেশনায় কাজী তৌফিকুল ইসলাম ইমন। আগামীকাল একই ভেন্যুতে মলিয়রের নাটক ‘কঞ্জুস’ মঞ্চায়ন করবে লোক নাট্যদল (বনানী)। নাটকটি রূপান্তর করেছেন তারিক আনাম খান, নির্দেশনায় কামরুন নূর চৌধুরী।
৮ সেপ্টেম্বর থাকছে ঢাকা পদাতিকের ‘ট্রায়াল অব সূর্য সেন’। রচনা ও নির্দেশনায় মাসুম আজিজ। নবনির্দেশনায় নাদের চৌধুরী। ৯ সেপ্টেম্বর বাঁশরী রেপার্টরি থিয়েটার মঞ্চায়ন করবে কাজী নজরুল ইসলামের ‘আলেয়া’। নির্দেশনায় গোলাম সারোয়ার।
১০ সেপ্টেম্বর রয়েছে আরণ্যক নাট্যদলের ‘কম্পানি’। রচনা ও নির্দেশনায় মামুনুর রশীদ।
এক্সপেরিমেন্টাল থিয়েটার মিলনায়তনে ১১ সেপ্টেম্বর থিয়েটার আর্ট ইউনিট মঞ্চায়ন করবে ‘আমিনা সুন্দরী’। এটি লিখেছেন এস এম সোলায়মান, নির্দেশনায় রোকেয়া রফিক বেবী। একই ভেন্যুতে ১২ সেপ্টেম্বর থাকছে তীরন্দাজ রেপার্টরির ‘কণ্ঠনালীতে সূর্য’। এটি লিখেছেন মোহিত চট্টোপাধ্যায়, নির্দেশনায় দীপক সুমন। এক্সপেরিমেন্টাল থিয়েটার মিলনায়তনে ১৩ সেপ্টেম্বর রয়েছে দৃষ্টিপাত নাট্যদলের ‘সে এক স্বপ্নের রাত’। রচনা ও নির্দেশনায় ড. খন্দকার তাজমি নূর।
উৎসবের সমাপনী আয়োজনে ১৪ সেপ্টেম্বর জাতীয় নাট্যশালা মূল মিলনায়তনে বাংলাদেশ থিয়েটার মঞ্চায়ন করবে ‘সী-মোরগ’। এটি লিখেছেন আসাদুল্লাহ ফারাজী, নির্দেশনায় হুমায়ুন কবির।





