‘আগামীর সময়’কে টেইলর সুইফট
প্রযুক্তির চেয়ে আমরাই এগিয়ে আছি

টেইলর সুইফট
ডিজনির অ্যানিমেটেড সিনেমা ‘টয় স্টোরি ৫’-এ আমেরিকান সুপারস্টার টেইলর সুইফটের মৌলিক গান ‘আই নিউ ইট, আই নিউ ইউ’ গোটা দুনিয়ায় শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এটি তৈরির অভিজ্ঞতা এবং সংগীতশিল্পে প্রযুক্তির পরিবর্তন নিয়ে কথা বলেছেন তিনি। ৩৬ বছর বয়সী এই তারকাকে প্রশ্ন করেছেন জনি হক
আপনার ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। তবে চলচ্চিত্রের জন্য বানানো গান আলাদাভাবে জনপ্রিয়তা পাওয়ার অভিজ্ঞতা নিশ্চয়ই ভিন্ন। এটি তৈরির সময় কি ভেবেছিলেন এত সাড়া ফেলবে?
গানটি পৃথিবীর নানা প্রান্তে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, সেজন্য আমি সত্যি কৃতজ্ঞ। প্রায় সব ধরনের প্ল্যাটফর্মেই এটি দারুণভাবে সমাদৃত হয়েছে। নির্দিষ্ট একটি চরিত্র এবং তার সূক্ষ্ম অনুভূতির জায়গা থেকে লেখা গান এত বিস্তৃত পরিসরে মানুষের কাছে পৌঁছেছে, এ সত্যি বিস্ময়কর ও আনন্দের। ‘টয় স্টোরি ৫’ সিনেমার জেসি চরিত্রের দৃষ্টিকোণ থেকে গানটি লিখেছিলাম। তবে অন্য চরিত্রগুলোর অভিজ্ঞতার সঙ্গেও এর যোগসূত্র রয়েছে। আমার মনে হয়েছে, এই অনুভূতি অনেকের জীবনে সত্যি। কেউ হয়তো কিছু সময়ের জন্য আপনার জীবনে আসে, পরে হারিয়ে যায়। আবার ঠিক যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন, তখনই ফিরে আসে। সিনেমায় উডি ও তার বন্ধুরা ঠিক এমন এক সময়ে ফিরে আসে, যখন তাদের প্রয়োজন ছিল। তবে গানটির মূল ভাবনা ও অনুপ্রেরণা এসেছে জেসির কাছ থেকে। তার আগের শিশু এমিলিকে ঘিরে যে উপলব্ধি এবং হৃদয়ভাঙার অভিজ্ঞতা, সেটিই আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে।
‘আই নিউ ইট, আই নিউ ইউ’ লেখা, সুর করা ও রেকর্ডিং— সবই মাত্র আট ঘণ্টার মধ্যে সম্পন্ন করেছেন। এত অল্প সময়ে কীভাবে জেসির আবেগের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরেছেন?
গানটি তৈরির পুরো অভিজ্ঞতা ছিল দারুণ রোমাঞ্চকর। কারণ, প্রতিবারই আমার গান লেখার অভিজ্ঞতা ভিন্ন হয়। সম্ভবত এজন্যই গান লেখার প্রতি আমার এত ভালোবাসা। মনে আছে, সিনেমাটির প্রায় ৭৫ শতাংশ দেখার পর এমন একটি পর্যায় আসে, যখন জেসি তার আগের শিশু এমিলিকে নিয়ে নতুন কিছু উপলব্ধি করতে শুরু করে। সেই অভিজ্ঞতার সঙ্গে বর্তমান শিশু বনি এবং তার সম্পর্কের বিষয়টি মিলিয়ে দেখতে থাকে সে। তার মধ্যে একের পর এক গুরুত্বপূর্ণ উপলব্ধি ধরা দেয়। তখনই মনে হলো, আমি জানি ঠিক কী ধরনের গান লিখতে চাই। সিনেমাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল, বাড়ি ফিরেই আমাকে পিয়ানো নিয়ে বসতে হবে। আমি চেয়েছিলাম, জেসির হৃদয়ভাঙার অভিজ্ঞতার একটা সুন্দর পরিণতি ঘটুক। তাকে এমন একটি মুহূর্ত উপহার দিতে চেয়েছি, যা তার কষ্ট কিছুটা হলেও কমিয়ে দেবে। কারণ, ‘হোয়েন সামবডি লাভড মি’ (কানাডিয়ান গায়িকা সারা ম্যাকলকলানের গাওয়া) গানটি ভীষণ হৃদয়বিদারক। গানটির কথা একটু বেশি ভাবলেই আমার কান্না পায়। এমনকি পিয়ানোর শুরুর সুরটুকু শোনারও প্রয়োজন পড়ে না! তাই আমিও জেসিকে একধরনের মানসিক প্রশান্তি উপহার দিতে চেয়েছি। ‘আই নিউ ইট, আই নিউ ইউ’ এমন এক গান, যা এই চলচ্চিত্রে তার ব্যক্তিত্ব ও মানসিক অবস্থার সঙ্গে মানানসই।
‘টয় স্টোরি ৫’-তে খেলনারা এমন এক পৃথিবীতে নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখার চ্যালেঞ্জের মুখে পড়ে, যেখানে প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে শিশুদের খেলার ধরন বদলে যাচ্ছে। সংগীতশিল্পে আপনি দুই দশকে ব্যাপক পরিবর্তন দেখেছেন। সৃজনশীলতার ক্ষেত্রে প্রযুক্তি কখনোই কোনো বিষয়ের বিকল্প হতে পারবে না বলে মনে করেন?
সংগীতশিল্পে ২০ বছরের অভিজ্ঞতায় শুরুতে যেসব পরিবর্তন দেখেছি, তার বড় অংশই ছিল সংগীত পরিবেশনের মাধ্যম ও বিতরণব্যবস্থার পরিবর্তন। আমার ক্যারিয়ারের শুরুতে অ্যালবাম মূলত সিডি ও আইটিউনসের মাধ্যমে প্রকাশ পেত। এরপর এলো স্ট্রিমিং। আবার কিছু সময় পর দেখা গেল, শ্রোতারা আবারও ভিনাইল রেকর্ড সংগ্রহ ও সেটি শুনতে পছন্দ করছেন। আমরা সবাই আসলে বোঝার চেষ্টা করছি, কীভাবে ভক্তদের কাছে আমাদের সংগীত পৌঁছে দেওয়া যায়, যাতে তারা নিজেদের পছন্দ ও স্বাচ্ছন্দ্য অনুযায়ী উপভোগ করতে পারেন। সত্যি বলতে, ভক্তরা যেভাবেই আমার গান শুনতে চান, তাতে যদি নিজের নৈতিক অবস্থানের কোনো আপত্তি না থাকে, তাহলে সেই মাধ্যম সম্পর্কে জানার, গবেষণা করার এবং সেটির সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। আমার লক্ষ্য, তারা যেন সংগীত উপভোগের একটি সুন্দর অভিজ্ঞতা পান।
প্রযুক্তি এখন কীভাবে সংগীত সৃষ্টির প্রক্রিয়াকে প্রভাবিত করছে, সেটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে।
আমি এ বিষয়ে ইতিবাচক থাকার চেষ্টা করি। কারণ চারপাশে যা দেখছি, সেসব আশাবাদী করে আমাকে। সংগীতের সাম্প্রতিক সময়ের দিকে তাকালে দুটি অ্যালবামের কথা বিশেষভাবে মনে পড়ে, যেগুলোকে অসাধারণ মনে করি এবং বারবার শুনি। একটি অলিভিয়া ডিনের (ব্রিটিশ গায়িকা), অন্যটি রোজালিয়ার (স্প্যানিশ গায়িকা)। অলিভিয়ার অ্যালবামটি যেন উষ্ণ এক আলিঙ্গন। যেকোনো পরিস্থিতিতেই এটি শুনতে ভালো লাগে। অন্যদিকে, রোজালিয়া এমন একটি ব্যাপ্তি ও উচ্চাকাঙ্ক্ষাসম্পন্ন কনসেপ্ট অ্যালবাম তৈরি করেছেন, যা শুধু তার জীবনের অভিজ্ঞতা থেকেই সৃষ্টি হওয়া সম্ভব। অ্যালবাম দুটি অসাধারণ, কারণ এগুলো মানবিক। মানুষের হাতে তৈরি, মানুষের অভিজ্ঞতার আলোকে বানানো। সেজন্যই মানুষ এগুলোর সঙ্গে নিজেদের সংযোগ খুঁজে পায়। আমার মনে হয়, মানুষ যখন এমন অসাধারণ কিছু সৃষ্টি করে, তখন সেটি সবাইকে আরও অনুপ্রাণিত করে। আমাদের মনে করিয়ে দেয়— হ্যাঁ, আমরা এখনো এগিয়ে আছি। এই প্রতিযোগিতায় মানুষই এখনো জয়ী হচ্ছে।




