এফডিসিতে তিন দিন বিনামূল্যে সালমানের সিনেমা

প্রয়াত নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ। তার স্মরণে তিন দিনের চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে তার সিনেমা বিনামূল্যে দেখার সুযোগ পাবে দর্শক।
‘সালমান শাহ স্মরণে’ শীর্ষক এই প্রদর্শনী শুরু হবে রবিবার। চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকার তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ভিআইপি প্রজেকশন মিলনায়তনে প্রতিদিন বিকাল ৪টায় থাকছে একটি করে চলচ্চিত্র।
উৎসবের প্রথম দিন দেখানো হবে এম এ খালেক পরিচালিত ‘স্বপ্নের ঠিকানা’ (১৯৯৫)। এতে সালমান শাহর সঙ্গে অভিনয় করেছেন শাবনূর, সোনিয়া, রাজীব, আবুল হায়াত ও ডলি জহুর।
আগামীকাল রয়েছে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩)। এর মাধ্যমে ঢালিউডে জুটি হিসেবে অভিষেক হয় সালমান শাহ ও মৌসুমীর। এতে আরও অভিনয় করেছেন রাজীব, আবুল হায়াত ও আহমেদ শরীফ।
উৎসবের শেষ দিন দেখানো হবে মতিন রহমান পরিচালিত ‘তোমাকে চাই’ (১৯৯৬)। এতে সালমান শাহর নায়িকা ছিলেন শাবনূর। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন খলিল ও অমল বোস।
১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দাড়িয়াপাড়ায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেন সালমান শাহ। টেলিভিশন বিজ্ঞাপনের মডেল হিসেবে বিনোদন অঙ্গনে তার পথচলা শুরু হয়। মাত্র চার বছরে তিনি অভিনয় করেন ২৭টি চলচ্চিত্রে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। মাত্র ২৫ বছর বয়সে প্রয়াত হন এই জনপ্রিয় অভিনেতা।






