অনেকে ভাবেন চেহারা সুন্দর অভিনয় বোধহয় পারে না

বিদ্যা সিনহা মিম- ফেসবুক
অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ। অভিনয় নিয়ে উচ্চাকাঙ্ক্ষা, প্রিয় চরিত্র ও আগামীর স্বপ্ন নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন মীর রাকিব হাসান
থাইল্যান্ড ভ্রমণের কিছু ছবি ফেসবুকে দেখলাম। থাইল্যান্ডে আগেও কয়েকবার গিয়েছিলেন। ভ্রমণের জন্য কি এটাই আপনার প্রিয় গন্তব্য?
সত্যি বলতে, জন্মদিন উপলক্ষে সনি (স্বামী সনি পোদ্দার) আমাকে থাইল্যান্ড ঘুরতে নিয়ে গিয়েছিল। সেখানে গত ২ নভেম্বর থেকে এক সপ্তাহ ছিলাম আমরা। এর মধ্যে ফি ফি আইল্যান্ডে তিন দিন কেটেছে আমাদের। এ ছাড়া একটি ইভেন্টে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছি।
জন্মদিন উদযাপন না করেই ফিরে এলেন যে?
১২ নভেম্বর একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নাচব। এজন্য ১১ নভেম্বর মহড়া আছে। তাই জন্মদিনের আগের দিন ফিরে আসতে হলো। জন্মদিনে আমি তেমন কিছুই করি না। বরাবরের মতোই পরিবারের সঙ্গেই কেটে যাবে সারাবেলা।
২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার বিজয়ী হিসেবে বিনোদন অঙ্গনে আপনার যাত্রা শুরু। পেছন ফিরে তাকালে নিজের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কী দেখেন?
মাঝেমধ্যে মনে হয়, এই তো সবে শুরু করলাম! কীভাবে যে ১৯ বছর কেটে গেল টেরই পাইনি। আশ্চর্য লাগে ভাবলে। যখন শিক্ষার্থী ছিলাম, পড়াশোনা করার ক্ষেত্রে মনে হতো সময় কাটছেই না! কিন্তু কর্মক্ষেত্রে সময় কত দ্রুত ফুরিয়ে যায়। চোখের পলকে কেটে গেছে দীর্ঘ একটা সময়।
কখনো কি মনে হয়েছে, অভিনয়শিল্পী হিসেবে নিজের সক্ষমতার চেয়ে বাহ্যিক সৌন্দর্যই বেশি আলোচিত হয়েছে? এই ধারণা ভাঙতে কী ধরনের চরিত্রের অপেক্ষায় আছেন।
বেশি সুন্দর হলে যা হয় আর কি, অনেকে ধরেই নেন চেহারা সুন্দর হলে অভিনয় বোধহয় ঠিকঠাক পারে না। এটা ঠিক যে, ক্যারিয়ারের শুরুতে আমি অত পরিণত ছিলাম না। সব মিলিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে সময় লেগেছে। কীভাবে আরও ভালো করা যায়, সেই চ্যালেঞ্জটা নিয়েছিলাম এবং পরিশ্রমের কমতি রাখিনি।
আপনার অভিনীত কোন কোন চরিত্র ব্যক্তিজীবনে আলাদাভাবে প্রভাবিত করেছে?
রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’-এর অনন্যা এবং তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল’ সিনেমার ফুলেশ্বরী রূপক চরিত্র দুটি শুটিং শেষেও আমাকে আন্দোলিত করেছে। আমার ক্যারিয়ারের সেরা কাজ যদি বলেন, সেই তালিকায় থাকবে এ দুটি সিনেমা।
সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীদের পোস্টে নেতিবাচক মন্তব্য বেশি দেখা যায়। এগুলো কি আপনাকে বিচলিত করে?
আমি ভাই কমেন্টই পড়ি না। সত্যি বলতে, ফেসবুকে আমি খুব কম সময় ব্যয় করি। দিনে এক-দুবার ফেসবুকে ঢুকে ছবি পোস্ট করে আবার বেরিয়ে যাই। ইনস্টাগ্রামে বরং বেশি থাকি। ফেসবুককে কিছু কারণে আমার টক্সিক লাগে। এর চেয়ে মুভি দেখা, গান শোনা অনেক ভালো!
কোন ধরনের চরিত্রে কাজ করার ইচ্ছে জাগে মনে?
ঐতিহাসিক গল্পের কোনো চরিত্রে অভিনয় করতে চাই। এ ছাড়া হলিউডে অ্যাঞ্জেলিনা জোলি যে ধরনের সিনেমায় কাজ করেন, তেমন ঢঙের কিছু কাজ আমাদের দেশে যদি হয় আর নির্মাতারা আমাকে ভাবেন, তাহলে ভালো লাগবে।
‘মালিক’ সিনেমায় মুক্তির ছয় মাস কেটে গেল। আবার কবে বড় পর্দায় দেখা যাবে আপনাকে?
দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। আলভী আহমেদের ‘জীবন অপেরা’ ভালো সময় দেখে প্রেক্ষাগৃহে আনা হবে বলে জেনেছি। এতে শরিফুল রাজের সঙ্গে আবারও জুটি বেঁধেছি। এর আগে ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমায় আমরা একসঙ্গে কাজ করেছি। অন্যদিকে ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘দিগন্তে ফুলের আগুন’ পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক। এতে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের স্ত্রী পান্না কায়সারের ভূমিকায় দেখা যাবে আমাকে। শহীদুল্লা কায়সার চরিত্রে থাকছেন মোস্তফা মনওয়ার।
ভবিষ্যতে প্রযোজনা কিংবা পরিচালনায় যুক্ত হওয়ার ইচ্ছা আছে?
পরিচালনা করার কথা কখনো ভাবিনি। সেই ইচ্ছা নেইও। তবে প্রযোজনা হয়তো করতে পারি। দেখা যাক!
অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের আগামী দিনের সবচেয়ে বড় স্বপ্ন কী?
আমার শুরুটা হয়েছিল ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ হিসেবে। স্বপ্ন দেখি অভিনয়ে আন্তর্জাতিক মঞ্চেও ভালো কিছু করার সুযোগ পাব। আরও বড় পরিসরে কাজ করার ইচ্ছে হয়।




