নবান্ন উৎসবে মুখর নগর

নবান্ন উৎসবে শিল্পীদের নৃত্য পরিবেশনা- আবর্তন
হেমন্তের সকালে বাঁশির সুর, গান, আবৃত্তি ও নৃত্যের ছন্দে মুখর হয়ে উঠেছে রাজধানী। নতুন ধানের উৎসব নবান্নকে ঘিরে ধানমন্ডির রবীন্দ্র সরোবর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় দিনব্যাপী পৃথক দুই আয়োজনে অংশ নেন শিল্পী, শিক্ষক-শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীরা।
গতকাল সোমবার ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে হাসান আলীর বাঁশির সুরের মূর্ছনায় নবান্ন উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনব্যাপী এ আয়োজন করে জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নবান্ন উৎসব উদযাপন করে ‘আবর্তন’। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় নবান্নকে ঘিরে সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
রবীন্দ্র সরোবরে সকালের সাংস্কৃতিক পর্বে শিশু সংগঠন ‘মেঠোকুঁড়ি স্কুল’-এর পরিবেশনায় ছিল সম্মেলক পরিবেশনা। এরপর দলীয় সংগীত পরিবেশন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, সুর বিহার, ফোক বাংলা ইনস্টিটিউট ও নির্ঝরিণী একাডেমি। একক সংগীত পরিবেশন করেন মহাদেব ঘোষ, ইয়াসমিন মুস্তারী, বিমান চন্দ্র বিশ্বাস, অনিমা রায় ও নবনীতা জাইদ চৌধুরী। তাদের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রবীন্দ্র সরোবর।
নৃত্য পরিবেশন করে দীপা খন্দকারের পরিচালনায় ‘দিব্য’, তামান্না রহমানের পরিচালনায় ‘নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র’, এম আর ওয়াসেকের ‘নন্দন কলা কেন্দ্র’, অনিক বোসের ‘স্পন্দন’, শুভাশীষ চাকমার পরিচালনায় আদিবাসী সংগঠন ‘নৃত্যকানন’ এবং সামিনা হোসেন প্রেমার পরিচালনায় ‘ভাবনা’। এ ছাড়া একক আবৃত্তি পরিবেশন করেন রফিকুল ইসলাম ও নায়লা তারান্নুম কাকলি।
‘পরগাছা’, ‘ব্যাঙাচি’ কটাক্ষের পাল্টায় পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস
১৬ নভেম্বর ২০২৬
নবান্ন কথন পর্বে সভাপতিত্ব করেন জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের মাহমুদ সেলিম। সঞ্চালনা করেন সঙ্গীতা ইমাম। বক্তব্য দেন পর্ষদের সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা। আয়োজকরা জানিয়েছেন, এবার ছিল ২৮তম আয়োজন। উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হয় বিকাল ৪টায়, চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত।
অন্যদিকে, চারুকলার বকুলতলায় ‘আবর্তন’-এর আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেছেন, ‘বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভাষাভাষী ও জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি ও উৎসব রয়েছে। এসব সংস্কৃতিকে হারিয়ে যেতে না দিয়ে বিকশিত করতে চায় সরকার।’
উৎসবে ছিল ‘চিত্রকলায় নবান্ন’ শীর্ষক আর্ট ক্যাম্প, বৃক্ষরোপণ কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে চারুকলা অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। বিকাল সাড়ে ৪টায় বকুলতলায় শুরু হয় নবান্নের সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ এবং ‘আবর্তন’-এর শতাধিক শিল্পী অংশ নেন।




