নেপালে অপুর সঙ্গে ‘জিল্লু’

শ্যাম ভট্টাচার্য - ফেসবুক
নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। কয়েক দিন ধরে নেপালের জনপ্রিয় পর্যটন শহর পোখারায় চলছে তার নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিং। পাহাড়ঘেরা মনোরম পরিবেশে বাংলাদেশ ও ভারতের শিল্পীদের নিয়ে সিনেমাটির গুরুত্বপূর্ণ দৃশ্যের দৃশ্যধারণ করছেন নির্মাতা কামরুজ্জামান রোমান।
রেজা ফিল্ম প্রযোজিত সিনেমাটিতে অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করছেন কলকাতার অভিনেতা রজতাভ দত্ত ও ‘জিল্লু’খ্যাত শ্যাম ভট্টাচার্য। এ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে নতুন অভিনেতা মুর্তজা পলাশের। বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী-কলাকুশলীদের সমন্বয়ে নির্মিত হচ্ছে ‘শিকার’। গল্পের প্রয়োজনেই নেপালের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিভিন্ন স্থানকে শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। পোখারার পাহাড়, মনোরম পরিবেশ ও নান্দনিক লোকেশনে ধারণ করা হচ্ছে সিনেমার বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য।
সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত অপু বিশ্বাস। গল্প শুনেই অভিনয়ে সম্মতি দেওয়ার কথা জানিয়ে তিনি বললেন, ‘নির্মাতা যখন গল্প নিয়ে আসেন, তখনই আমি রাজি হয়ে যাই। কারণ সিনেমাটিতে আমার অভিনয়ের জায়গা আছে। পাশাপাশি নতুন নায়ক মুর্তজা পলাশের অভিষেক হচ্ছে— এটাও আমাকে অনেক বেশি আনন্দিত করেছে। আশা করি, গল্পটি দর্শকের ভালো লাগবে।’ নির্মাতা কামরুজ্জামান রোমান জানালেন, আগামী ২৯ আগস্ট পর্যন্ত নেপালের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং চলবে। এরপর দেশে ফিরে বাকি দৃশ্যের কাজ শেষ করা হবে।
সিনেমাটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনই কিছু জানাতে চাননি নির্মাতা। তার ভাষায়, সিনেমার কাজ গুছিয়ে নেওয়ার পরই মুক্তির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।





