টানা রাতের শিফটে...

দীপিকা পাড়ুকোন -ইনস্টাগ্রাম
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন গর্ভাবস্থার শেষ পর্যায়ে আছেন। তবুও অ্যাটলি পরিচালিত ‘রাকা’ সিনেমার শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার আগে এর পুরো কাজ সময়মতো সম্পন্নের জন্য টানা রাতের শিফটে কাজ করছেন ৪০ বছর বয়সী এই তারকা।
ভ্যারাইটি ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, দীপিকা প্রতিদিন শুটিং করছেন এবং বেশ কয়েকটি কঠিন অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছেন। একই সঙ্গে তিনি শুটিংয়ের ব্যস্ততা সামলে বাড়িতে দেড় বছর বয়সী কন্যা দুয়ার দেখাশোনা করছেন।
দীপিকার কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেছেন ‘রাকা’ ইউনিটের এক সদস্য। তিনি জানিয়েছেন, কিছু অ্যাকশন দৃশ্য শারীরিকভাবে ক্লান্তিকর ছিল। কিন্তু সব চ্যালেঞ্জ সত্ত্বেও তিনি সেগুলো সফলভাবে সম্পন্ন করেছেন। সেটে তাকে এভাবে কাজ করতে দেখা অন্যদের জন্য অনুপ্রেরণার। ভুলে গেলে চলবে না, বাড়িতে তার দেড় বছর বয়সী একটি মেয়েও আছে। তার প্রতিও তিনি সমান মনোযোগ ও যত্ন নেন।
প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে, রাকার কাজ নির্ধারিত সময়ে শেষ করতে প্রয়োজন অনুযায়ী দীপিকা রাতের শিফটেও কাজ করছেন। অথচ এর আগে তিনি আট ঘণ্টার নিয়ন্ত্রিত কর্মঘণ্টা এবং সুস্থ কর্মজীবন-ব্যক্তিজীবনের ভারসাম্য বজায়ের পক্ষে প্রকাশ্যে মত দিয়ে শোরগোল ফেলেছিলেন। বি-টাউনে তার অভিমতের পক্ষে-বিপক্ষে অনেকে মন্তব্য করেন। ধারণা করা হয়, আট ঘণ্টার নিয়ন্ত্রিত কর্মঘণ্টার শর্ত দেওয়ায় ‘কাল্কি ২৮৯৮ এডি ২’ ও সন্দীপ রেড্ডি বাঙ্গার ‘স্পিরিট’ থেকে বাদ পড়েছেন তিনি।
যদিও এই প্রতিবেদনের বিষয়ে এখন পর্যন্ত দীপিকা বা রাকার নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
অ্যাটলি পরিচালিত রাকায় মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন। বিশাল বাজেটের বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক ফ্যান্টাসি অ্যাকশনধর্মী চলচ্চিত্রটি ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে সিনেমার কাহিনি প্রসঙ্গে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
দীপিকাকে সর্বশেষ ২০২৪ সালে ‘সিংঘাম অ্যাগেইন’-এর মাধ্যমে বড় পর্দায় দেখা গেছে। তার হাতে ‘রাকা’ ছাড়াও আছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ (শাহরুখ খান)।




