কোথায় আমার দেশ, প্রশ্ন সংগীতশিল্পী দামীর খানের

দামীর খান
সংগীতশিল্পী দামীর খানের গান ‘ঢাকা লাভ’ প্রশংসা কুড়িয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে নির্বাচিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর মাধ্যমে অভিনয়ে অভিষেকও হয়েছে তার। সাক্ষাৎকার নিয়েছেন জনি হক
ঢাকা নাকি টরন্টো, কোন শহরটি ‘ঢাকা লাভ’ গানের মূল অনুপ্রেরণা?
আসলে ঢাকার প্রতি ভালোবাসা মাথায় রেখেই গানটি তৈরি। তবে শুধু ঢাকা নয়, বিদেশে বসবাস করা বাঙালিদের ছোট ছোট কমিউনিটির জন্যও এ গান। লন্ডনে লিটল বাংলাদেশ আছে, টরন্টোতে আছে, প্যারিসসহ বিভিন্ন শহরেও বাঙালিদের ছোট ছোট কমিউনিটি রয়েছে। আমরা যখন বিদেশে যাই, তখন দেশের প্রতি একটা পিছুটান তৈরি হয়। এই গান সেই নস্টালজিয়ার কথা বলে।
ভিডিওতে একজন বাংলাদেশি অ্যাকাউন্ট্যান্টের শেষবারের মতো টরন্টোকে বিদায় জানানোর গল্প দেখা যাচ্ছে। এটি কি আপনার অভিজ্ঞতা?
হ্যাঁ, গল্পটি কিছুটা আত্মজৈবনিক। আগামী মার্চে (২০২৭) কানাডায় আমার ওয়ার্ক পারমিট শেষ হয়ে যাচ্ছে। আমাকে কানাডা ছাড়তে হবে। আমি এখানে প্রায় ছয় বছর আছি, কিন্তু শিল্পী হিসেবে স্থায়ীভাবে থাকার সুযোগ বা পিআর পাওয়ার ক্ষেত্রে জটিলতা রয়েছে। এই বাস্তবতা থেকেই গল্পটির মধ্যে নিজের অভিজ্ঞতার কিছু অংশ এসেছে।
‘ঢাকা লাভ’ আপনার পরিচালিত প্রথম মিউজিক ভিডিও। অভিজ্ঞতা কেমন?
সবসময় বড় বাজেট পাওয়া যায় না। ছোট বাজেটের মধ্যে সৃজনশীলভাবে কাজ করতে হয়। এর আগে যাদের সঙ্গে কাজ করেছি, অনেক সময় মনে হয়েছে তারা আমার ব্যক্তিগত ভিশনটা ঠিকভাবে বুঝতে পারছেন না। তখন ভাবলাম, নিজেই কাজটি করি। এক্ষেত্রে সহপরিচালক সাইফি এল অনেক সাহায্য করেছে। এই টরন্টো প্রবাসী বাংলাদেশি খুব মেধাবী।
বিভিন্ন দেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা আপনার সংগীতকে কতটা প্রভাবিত করে?
শিল্পী তার জীবন থেকেই অনুপ্রেরণা নেন। আমার জীবনে এক জায়গায় স্থায়ী হতে না পারার অভিজ্ঞতা আছে। ১৬ বছর বয়সে বাড়ি ছেড়েছি। এরপর আফ্রিকার ঘানায় থেকেছি, সেখান থেকে কানাডার মন্ট্রিয়ল, মন্ট্রিয়ল থেকে টরন্টো। আগামী বছর লন্ডনে থাকার পরিকল্পনা আছে। আমার সবসময় মনে হয়েছে, আমি যেন কোনো একটি জায়গার মানুষ হয়ে উঠতে পারিনি। আমার কমিউনিটি কোথায়, আমার বাড়ি কোথায়, আমার দেশ কোথায়— এমন প্রশ্ন সবসময় মনে আসে।
আপনার বাবা রেনেসাঁ ব্যান্ডের পিলু খান। তার কাছ থেকে কোন শিক্ষা পেয়েছেন?
আমাকে অনেকেই ঠকানোর চেষ্টা করেছেন। বাবা শিল্পী হিসেবে সবসময় পাশে ছিলেন, সাহায্য করেছেন; কিন্তু একই সঙ্গে বলেছেন, সংগীতের ব্যবসাটা বুঝতে হবে। শুধু শিল্পীসত্তা দিয়ে সবকিছু সামলানো যায় না। আমি খুবই ভাগ্যবান। ইংলিশ মিডিয়ামে পড়েছি, বিদেশে থাকার সুযোগ পেয়েছি। তারা পথ তৈরি করে দিয়েছেন বলেই আমরা অনেক সুযোগ পাচ্ছি।
বাবার সঙ্গে কাজ করার পরিকল্পনা আছে?
যত বড় হচ্ছি, ততই বুঝতে পারছি বাবা কতটা অসাধারণ মানুষ এবং রেনেসাঁর সদস্যরা কতটা কিংবদন্তি। বাবার সঙ্গে অনেক গান লিখেছি, যেগুলো এখনো প্রকাশিত হয়নি। আমাদের দুই-তিনটি গান প্রস্তুত আছে। আশা করছি, শিগগিরই প্রকাশিত হবে। আমি রেনেসাঁর সঙ্গে মাঝেমধ্যে গিটারও বাজাই। তবে ব্যান্ডের সদস্যদের অনেকেই এখন আগের মতো নিয়মিত স্টেজে পারফর্ম করেন না। বয়স ও অন্যান্য কারণে তাদের কাজের পরিমাণ কমেছে। সুযোগ পেলে অবশ্যই তাদের সঙ্গে আরও কাজ করতে চাই।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এ অভিনয়ের অভিজ্ঞতা কেমন?
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর পরিচালক রুবাইয়াত হোসেন এবং পুরো দলের সঙ্গে কাজ করে দারুণ লেগেছে। একটি নারীকেন্দ্রিক, নারীবাদী সিনেমার সঙ্গে যুক্ত হতে পারা আমার জন্য গর্বের বিষয়। বাবা বিখ্যাত সংগীতশিল্পী হলেও আমাদের পরিবার গড়ে তোলার ক্ষেত্রে মায়ের অবদান অনেক বেশি। নারী হিসেবে তাকে সেই সম্মান ও স্বীকৃতি দিতে চাই। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর পর আরও কয়েকটি সিনেমার জন্য আলোচনা চলছে। এখনই বিস্তারিত বলতে পারছি না, তবে বাংলাদেশের কয়েকজন বড় পরিচালক আমার সঙ্গে কাজ করতে আগ্রহী।
সামনে নতুন কোন গান আসছে?
নতুন একটি গান আসছে, শিরোনাম ‘অজানা’। এর মিউজিক ভিডিওর পরিচালনা নিজেই করছি। গানটি আগের কাজগুলোর তুলনায় একটু বেশি ইলেকট্রনিক ও পপ ঘরানার। আগে গিটার ও বেসের ওপর বেশি নির্ভর করতাম, এবার একটু ভিন্ন দিকে যাচ্ছি। গানের কথা, সংগীতায়োজন ও প্রযোজনার কাজ নিজেই করছি। আশা করছি, ডিসেম্বরের প্রথম দিকে গানটি প্রকাশ হবে।
২০২৭ সালে লন্ডনে যাওয়ার পর পরিকল্পনা কী?
প্রথমে যুক্তরাজ্যে নিজের অবস্থান তৈরি করতে চাই। সেখানে বাংলাদেশি সংগীতকে মানুষের কাছে তুলে ধরব। এরপর প্যারিস, জার্মানি, পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার পরিকল্পনা আছে। আমি চাই, মানুষ বাংলাদেশি সংগীত সম্পর্কে জানুক এবং আমাদের শিল্পীরা আন্তর্জাতিক সংগীতজগতে আরও জায়গা করে নিক।




