সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৯,১৬৯ জন

সংগৃহীত ছবি
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ৯ হাজার ১৬৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ১৯ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশ জুড়ে পরিচালিত যৌথ অভিযানে তাদের আটক করা হয়। তবে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি রয়েছেন কিনা এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার প্রকাশিত সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ৭৯৭ জন আবাসন আইন, ২ হাজার ৬২৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ৭৪৯ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৩৭৩ জন এবং অবৈধভাবে দেশত্যাগের চেষ্টাকালে ২১ জনকে আটক করা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, কর্মসংস্থান কিংবা গোপন রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরও ২৩ জন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ৩৮ হাজার ৪৮৩ জন প্রবাসীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান। তাদের মধ্যে ৩৬ হাজার ৩৭৮ পুরুষ এবং ২ হাজার ১০৫ নারী।
এ ছাড়া ২৪ হাজার ২২ জনকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। ৮ হাজার ৮৪০ জনকে দেশে ফেরার ভ্রমণপ্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে এবং ১৩ হাজার ৯৩৫ জনকে এরই মধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সৌদি আরবে প্রায় ৩৭ লাখ বাংলাদেশি বসবাস করেন। বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর কর্মসংস্থান, ইকামা নবায়ন, নিয়োগকর্তার সঙ্গে চুক্তি এবং পেশা পরিবর্তনসহ নানা বিষয়ে জটিলতা রয়েছে। এ অবস্থায় দেশ জুড়ে নিয়মিত নিরাপত্তা অভিযান বাংলাদেশি প্রবাসীদের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে।
তবে এবারের অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা কিংবা কোনো বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছেন কি না, তা সৌদি কর্তৃপক্ষ প্রকাশ করেনি।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে কাউকে সৌদি আরবে প্রবেশে সহায়তা, পরিবহন, আশ্রয় প্রদান কিংবা অন্য কোনোভাবে সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন ও আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।
মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে যেকোনো আইন লঙ্ঘনের তথ্য জানাতে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ ও ৯৯৬ নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের বৈধ ইকামা, কাজের অনুমতি এবং নিয়োগকর্তার সঙ্গে চুক্তির শর্ত মেনে চলার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।



