জেন জি আসলে একটি মানসিকতার নাম: আলায়া

আলায়া ফার্নিচারওয়ালা। ছবি: ইনস্টাগ্রাম
সাফল্যের গল্প বলতে গেলে ‘সংগ্রাম’ শব্দটি যেন অবিচ্ছেদ্য। বছরের পর বছর অপেক্ষা, প্রত্যাখ্যান, কঠোর পরিশ্রম— এসবকেই অনেক সময় তারকা হয়ে ওঠার অপরিহার্য শর্ত হিসেবে দেখা হয়। কিন্তু নতুন প্রজন্মের অভিনেত্রী পূজা বেদি কন্যা আলায়া ফার্নিচারওয়ালা সেই পুরনো ধারণাকে একটু অন্যভাবে দেখছেন। তার কাছে শুধু কষ্ট করাই সাফল্যের মাপকাঠি নয়; বরং নিজের সময়, মানসিক সুস্থতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়ে যাওয়াকেই তিনি বেশি গুরুত্বপূর্ণ মনে করেন।
জেন জি প্রজন্মের মানসিকতা নিয়ে কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে আলায়া বলেছেন, ‘জেন জি আসলে একটি মানসিকতার নাম— যেখানে প্রশ্ন করার সাহস আছে, প্রচলিত নিয়মকে যাচাই করা এবং সবাই যেভাবে করে আসছে, আমাকেও সেভাবেই করতে হবে— এই ধারণা মেনে নেওয়ার বাধ্যবাধকতা নেই।’
তার মতে, আগের প্রজন্মের কাছে কঠিন সময় পার করাটা অনেক সময় সাফল্যের অপরিহার্য প্রমাণ হিসেবে বিবেচিত হতো। কিন্তু জেন জি সেই ধারণাকে নতুন করে ভাবতে চাইছে। কবির বেদির নাতনি আলায়া বললেন, ‘আমি মনে করি না যে শুধু সংগ্রাম করাটাই একটা গুণ। কোনো কিছু অর্জন করতে গিয়ে আমার জীবনকে অযথা কঠিন করে তুলতেই হবে— এমন কোনো নিয়ম নেই। আমি যদি কোনো কাজ আরও বুদ্ধিমত্তার সঙ্গে, আরও কার্যকরভাবে করতে পারি, তাহলে শুধু কষ্ট করার জন্য কষ্ট করতে যাব কেন?’
শিগগিরই মুক্তি পাবে হৃতিক রোশন প্রযোজিত আলায়ার ওয়েব সিরিজ ‘স্টর্ম’। ‘জওয়ানি জানেমন’ দিয়ে অভিষেকের পর ‘ফ্রেডি’, ‘অলমোস্ট পেয়ার উইথ ডিজে মহব্বত’, ‘ইউ-টার্ন’, ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ এবং ‘শ্রীকান্ত’র মতো ভিন্ন ঘরানার কাজে দেখা গেছে তাকে।




