মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

প্রিন্স মাহমুদ ও মেঘমল্লার বসু
ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার বসু হাসপাতালে কঠিন সময় পার করছেন। এর আগেও তিনি একইভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন। যে কারণে বামপন্থী এই ছাত্রনেতা বারবার হাসপাতালে যাচ্ছেন, তার মর্মবেদনা উপলব্ধি করেছেন জনপ্রিয় সংগীতজ্ঞ প্রিন্স মাহমুদ।
এক ফেসবুক পোস্টে তিনি বলেছেন, ‘মেঘমল্লার বসু আবারও আত্মহত্যার চেষ্টা করেছে। এর আগেও মেঘ আত্মহত্যার চেষ্টা করেছিল। গতদিনের লেখা চিঠিটা পড়লাম। মেঘের এই তীব্র মানসিক কষ্ট আর শূন্যতার অনুভূতিটি গভীরভাবে অনুভব করতে পারছি। যখন মনে হয় এত কিছুর পরও জীবন আবার সেই শুরুর বিন্দুতেই ফিরে এসেছে, তখন নিজেকে অসহায় এবং ক্লান্ত মনে হওয়াটা কিন্তু অস্বাভাবিক না।’
মেঘমল্লার একটা গোলকধাঁধার ভেতর আটকে আছে, তাকে এখান থেকে বের করার একটা পথ দেখানো দরকার, এমনটাই মনে করেন প্রিন্স মাহমুদ। তিনি বলছেন, ‘মেঘমল্লারের নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন। এই মুহূর্তে অসুস্থ ও মেধাবী এই প্রাণটিকে নিয়ে কোনো রাজনৈতিক হিসাব-নিকাশ না! তাঁর প্রয়োজন কেবলই একজন শান্ত মাথার, প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত, একজন পেশাদার পরামর্শদাতা—যে অত্যন্ত সহানুভূতিশীলভাবে কথা শুনবে এবং এই বৃত্তের মতো গোলকধাঁধা থেকে বের হওয়ার পথ খুঁজে পেতে ওকে সাহায্য করবে...’
এমন ভুল পথে হাঁটা মানুষ পরে পরিচর্যা পেয়ে সফল হয়েছেন, এমনটাই জানিয়ে এই জনপ্রিয় সুরকার বলছেন, ‘বহুবার বলেছি, আবারও বলছি,একটা বিষয় সবার পরিষ্কার জানা দরকার। জীবনের শুরুতে তীব্র মানসিক ও পারিপার্শ্বিক ঘাতপ্রতিঘাতের মুখোমুখি হয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন, কিন্তু পরবর্তীতে সেই অন্ধকার অধ্যায় পার হয়ে নিজ নিজ ক্ষেত্রে জগদ্বিখ্যাত বা ভীষণভাবে সফল হয়েছেন, এমন বেশ কয়েকজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব রয়েছেন। তাঁদের এই ঘুরে দাঁড়ানোর গল্প প্রমাণ করে যে, জীবনের কঠিনতম পরিস্থিতিই শেষ কথা না।’






