এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি
- ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন জহুরুল, আপন ও জিহাদ

এসআই আলতাফ হোসেন হত্যার মূল আসামি জহিরুল
সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই আলতাফ হোসেন হত্যা মামলায় মূল অভিযুক্ত জহুরুল, আপন ও জিহাদ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে তারা ঘটনার দায় স্বীকার করে বক্তব্য দিয়েছেন বলে মামলার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জহুরুল ও আপন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালতে এবং জিহাদ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তানভীর আহমদের আদালতে জবানবন্দি দেন বলে জানিয়েছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।
গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকায় একটি গ্যারেজে অটোরিকশা রাখা নিয়ে বিরোধের সূত্রপাত হয়। এ সময় গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করেন এসআই আলতাফ হোসেন ও তার ছেলে। এ নিয়ে অভিযুক্তদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আলতাফ হোসেনকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের পর পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত একাধিক আসামিকে গ্রেপ্তার করে। প্রধান আসামি জহুরুলকে প্রথমে পুলিশ গ্রেপ্তার করে। পরে র্যাব আপন, জিহাদ, আলাউদ্দিন, ইমরান, নূর মোহাম্মদ রুদ্র, গোলাম রাব্বি, বিল্লাল ও দেলোয়ার হোসেনসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের মধ্যে জহুরুলসহ কয়েকজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আদালতে হাজির করে তিনজনের ১৬৪ ধারার জবানবন্দি রেকর্ড করা হয়।
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, জবানবন্দিতে পাওয়া তথ্য অন্যান্য সাক্ষ্য-প্রমাণ, ঘটনাস্থলের আলামত ও সিসিটিভি ফুটেজের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে প্রত্যেকের ভূমিকা এবং আরও কেউ জড়িত কি না, তা শনাক্তের চেষ্টা চলছে। মামলাটি বর্তমানে সাভার মডেল থানায় তদন্তাধীন।



