লন্ডনে ‘অতল’ দেখে ছবি আঁকবেন চিত্রশিল্পীরা

সংগৃহীত ছবি
যুবরাজ শামীমের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অতল’ যাচ্ছে যুক্তরাজ্যের লন্ডনের রিজেন্টস পার্ক গ্যালারিতে। আগামী ৩০ অক্টোবর ক্ল্যাফাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং লার্কহল আর্ট ক্লাবের যৌথ আয়োজনে এর বিশেষ প্রদর্শনী হবে। ব্যতিক্রমী এ আয়োজনে চলচ্চিত্রটি দেখার সময় অনুপ্রাণিত হয়ে ক্যানভাসে ছবি আঁকবেন চিত্রশিল্পীরা।
ভার্ট প্রদর্শনীর অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে নতুন দর্শকদের কাছে ‘অতল’কে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ল্যাফাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক সাইমন বল ইমেইল বার্তায় যুবরাজ শামীমকে বিষয়টি জানিয়েছেন। প্রদর্শনী থেকে তৈরি হওয়া কিছু শিল্পকর্ম পরে নির্মাতার সঙ্গে ভাগ করে নেওয়া হবে।
এ আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করে যুবরাজ শামীম বলেছেন, ‘অতল’ নির্মাণের শুরু থেকেই তিনি ছবিটিকে ভিজ্যুয়াল পেইন্টিং হিসেবে ভেবেছেন। তবে চলচ্চিত্র দেখে অনুপ্রাণিত হয়ে শিল্পীদের ছবি আঁকার এমন উদ্যোগ তার কাছে একেবারেই নতুন। চিত্রশিল্পীরা ছবিটি দেখে কী অনুভব করবেন এবং ক্যানভাসে তা কীভাবে ফুটিয়ে তুলবেন, তা দেখার অপেক্ষায় রয়েছেন তিনি।
‘আদিম’ চলচ্চিত্রের সূত্রে সাইমন বলের সঙ্গে যুবরাজের পরিচয়। ‘অতল’-এর বিশ্ব প্রিমিয়ার হয় ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। রাশিয়ার ১৯তম ‘ইস্ট অ্যান্ড ওয়েস্ট: ক্ল্যাসিকস অ্যান্ড অ্যাভান্ট-গার্ড’ উৎসবের মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগেও নির্বাচিত হয় এটি।




