২৮ বছর পর বড় পর্দায় রিচি সোলায়মান
বিনোদন প্রতিবেদক

রিচি সোলায়মান -ফেসবুক
১৯৯৮ সালে বিটিভিতে ‘বেলা ও বেলা’ নাটকের মাধ্যমে অভিনেত্রী হিসেবে পথচলা শুরু করেন রিচি সোলায়মান। গত ২৮ বছরে অনেক ধারাবাহিক, একক নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া মডেল হয়েছেন বিজ্ঞানপনচিত্রে।
এবার বড় পর্দায় দেখা যাবে তাকে। ‘রবি ইন ঢাকা’ নামের একটি সিনেমায় অভিনয় করলেন তিনি। এটি পরিচালনা করছেন অভিনেতা-নির্মাতা রাজীব সালেহীন। এতে আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, আজাদ আবুল কালাম ও আরমান পারভেজ মুরাদ।
রিচি বলেছেন, ‘সিনেমাটিতে অভিনয় করেছি। তবে এতে আমার চরিত্র কেমন আপাতত বলতে পারছি না। শিগগির বিস্তারিত জানাবে সিনেমার টিম।’
এদিকে নাটকে অভিনয় প্রসঙ্গে রিচির ভাষ্য, “কিছুদিন আগে চয়নিকা চৌধুরীর সুন্দর গল্পের একটি নাটকে অভিনয় করেছি। এর নাম ‘ভালোবাসার অন্যনাম তুমি’। এটি নিয়ে দারুণ সাড়া পেয়েছি। এখনো অভিনয় করতেই ভীষণ ভালোবাসি, স্বাচ্ছন্দ্যবোধ করি।”
অভিনয়ের বাইরে ঢাকায় দুই ছেলেমেয়ের পড়াশোনা এবং নিজের ব্যবসার কাজে ব্যস্ত থাকেন রিচি।




