মঞ্চে আসছে ‘হাত বাড়িয়ে দাও’

হাত বাড়িয়ে দাও নাটকের মহড়া- অপেরা
‘হাত বাড়িয়ে দাও’ একজন নারীর গল্প, যিনি নতুন শিশুর আগমনী বার্তা শুনেছেন। নিজের দায়িত্ব নিয়ে তিনি দ্বিধান্বিত। সভ্যতার এতটা পথ পেরিয়েও মানুষ হাজারো অসংগতি ও নিপীড়নের মধ্যে বসবাস করছে।
অনেক সময় এসবের বিরুদ্ধে লড়াইয়ে মানুষ বিজয়ী হতে পারে না। তাকে অতিক্রম করতে হয় নানা প্রতিকূলতা। ক্ষুধা, অপমান, বঞ্চনা ও কপটতায় পূর্ণ এই পৃথিবীতে আরেকজন নতুন মানুষ জন্ম দেওয়া কতটা যুক্তিসংগত— এমন প্রশ্ন ও দ্বিধায় থাকা এক মায়ের অনাগত সন্তানের সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে নাটকটি এগিয়ে যায় চূড়ান্ত গন্তব্যের দিকে।
রাজধানীর জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় অপেরা নাটকের দলের এই ১৬তম প্রযোজনার দশম মঞ্চায়ন হবে।
ইতালির সাংবাদিক ও লেখিকা ওরিয়ানা ফাল্লাচির বিখ্যাত উপন্যাস ‘লেটার টু আ চাইল্ড নেভার বর্ন’-এর অধ্যাপক আনু মুহাম্মদ অনূদিত ‘হাত বাড়িয়ে দাও’ অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন নাহিদ স্মৃতি। এর পাশাপাশি সংগীত বিন্যাস, দেহ বিন্যাস ও পোশাক পরিকল্পনার দায়িত্বও তিনিই সামলিয়েছেন।
নাটকটির নির্দেশক সাজ্জাদ সাব্বির। অভিনয় করেছেন নাহিদ স্মৃতি, নাফিদ মোমেন মনি, হিলাল শাহ, নীরব হোসেন রাব্বি, সৌরভ পাল, মিশকাতুল মুনিয়া ও নাজিব আবরার হাবিব। সংগীত প্রয়োগ করেছেন শাহনাজ পারভিন শিখা, মানিক মোল্লা, নীরব হোসেন রাব্বি, সৌরভ পাল ও নাফিদ মোমেন মনি।






