সোনু নিগমের ক্যারিয়ারে ধাক্কা

বলিউডে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেন সোনু নিগম। একের পর এক হিট গানের সুবাদে তিনি হয়ে ওঠেন ভারতের সবচেয়ে চাহিদাসম্পন্ন প্লেব্যাক শিল্পীদের একজন। সবকিছু ঠিকঠাক চলছিল; কিন্তু সেই সময়ই গায়কদের কপিরাইট ও রয়্যালটির প্রশ্নটি সামনে আনেন সোনু নিগম। তার মতে, একজন শিল্পীর গান থেকে বছরের পর বছর আয় হলেও ন্যায্য অংশ শিল্পীদের কাছে পৌঁছাত না। এ বিষয়টি নিয়েই তিনি প্রকাশ্যে কথা বলতে শুরু করেন। আর সেখান থেকেই শুরু হয় সমস্যার। সোনু বললেন, ‘কয়েক দিনের মধ্যেই টি-সিরিজ ও জি-মিউজিকের মতো প্রতিষ্ঠান আমার সঙ্গে কাজ করা বন্ধ করে দেয়।’
সম্প্রতি কোমল নাহতার পডকাস্ট ‘গেম চেঞ্জার্স: দ্য মিউজিক সিরিজ’-এ দেওয়া সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন সোনু নিগম। তিনি বলেন, ‘জীবনের সবকিছুই সময়ের খেলা। একসময় আমার সময় এসেছিল, পরে সেটা চলে গিয়েছিল। এখন আবার ফিরেছে। যখন ক্যারিয়ারের শীর্ষে ছিলাম, মানুষ আমাকে অসীম ভালোবাসা দিয়েছে। আমার অ্যালবাম প্রকাশ পেত, মানুষ পাগলের মতো অপেক্ষা করত। এমনকি আমার পোস্টারও বিক্রি হতো।’
সংগীত প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কাজ কমে গেলেও লাইভ কনসার্ট ও স্টেজ পারফরম্যান্স চালিয়ে যান সোনু নিগম। তার মতে, একজন শিল্পীর প্রকৃত শক্তি দর্শক। রেকর্ডিংয়ের সুযোগ সীমিত করা গেলেও দর্শকের ভালোবাসা কেড়ে নেওয়া সম্ভব নয়।
সোনু নিগম উল্লেখ করেন, তার লড়াই বৃথা যায়নি। তিনি বললেন, ‘আজ পরিস্থিতি বদলে গেছে। সেই সংগীত প্রতিষ্ঠানগুলোই এখন গায়কদের রয়্যালটি দিচ্ছে।’






