স্মৃতিচারণ
সাহেদ ছিলেন জীবনমুখী গানের অন্যতম পথিকৃৎ

শেখ সাহেদ আলী- ছবি: ফেসবুক
জনপ্রিয় ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আর নেই। দীর্ঘদিন কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগে গতকাল শুক্রবার সকালে মারা গেছেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংগীতাঙ্গনের অনেকে। তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন গীতিকবি গোলাম মোর্শেদ
শেখ সাহেদ ছিলেন একজন নিরহংকারী, সহজ-সরল ও স্বচ্ছ মনের মানুষ। এমন মানুষকে যে কারও ভালো লাগবে। আমিও তাদের একজন। সাহেদের চলে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছে। আরও অনেক গান করার কথা ছিল তার। কিন্তু সবকিছু অসমাপ্ত রেখেই চলে গেল। সাহেদের সঙ্গে নিয়মিত দেখা হতো না। দীর্ঘদিন ধরেই সে অসুস্থ ছিল, ডায়ালাইসিস নিতে হতো। তারপরও দেখা হলে মনে হতো না অনেক দিন পর কথা হচ্ছে। সাহেদ যখন গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি ছিল, তখন প্রতিদিন সকালে বাসায় নাশতা তৈরি করে তার জন্য পাঠাতেন আমার স্ত্রী। সেই নাশতা নিয়ে হাসপাতালে যেতাম, তার সঙ্গে বসে খেতাম। সে যতদিন সেখানে ছিল, ততদিনই এটা ছিল আমার সকালের রুটিন।
সাহেদের সঙ্গে শেষ দেখা হয়েছিল কিছুদিন আগে। হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলাম। সামনে গিয়ে দাঁড়ানোর পর সে আমার দিকে তাকিয়ে ছিল। মনে হচ্ছিল, হয়তো আমাকে চিনতে পারছে না, কিংবা চেনা কাউকে দেখার অনুভূতি তার মধ্যে কাজ করছে। এটাই যে তার সঙ্গে আমার শেষ দেখা হয়ে থাকবে, তা কখনো ভাবিনি।
সাহেদকে অনেকে ‘রোকযানা’ গানের শিল্পী হিসেবে চেনেন। কিন্তু আমার কাছে তার পরিচয় শুধু একটি জনপ্রিয় গানের শিল্পী হিসেবে নয়। তার গানের বিষয়বস্তু, কথা ও জীবনবোধ ছিল অনেক বিস্তৃত। বাংলাদেশে জীবনমুখী গানে সাহেদের অবদানের কথা অবশ্যই বলতে হবে। আশির দশকের শেষ দিকে কিংবা নব্বইয়ের দশকের শুরুতে আমরা যখন সুমন, নচিকেতা ও অঞ্জন দত্তের গান নিয়ে আলোচনা করি, তখন তাদের জীবনমুখী গানের ধারার প্রসঙ্গ আসে। কিন্তু বাংলাদেশে সাহেদ তারও আগে এ ধরনের গান নিয়ে কাজ শুরু করেছিল। সাহেদের প্রথম অ্যালবাম ‘প্রভু’ শুনলেই বিষয়টি বোঝা যায়। অ্যালবামের ১২টি গানের মধ্যে ছয়-সাতটিতেই জীবনের নানা দিক উঠে এসেছে। পরবর্তী অ্যালবামগুলোতেও মানুষের জীবন, অনুভূতি, চারপাশের বাস্তবতা ও নানা অনুষঙ্গ নিয়ে গান করেছে। জীবনের শেষ দিকে ১১ বছর ধরে তৈরি করা ২৪টি গান প্রকাশের পরিকল্পনা করছিল সাহেদ। সবচেয়ে বড় আক্ষেপ, নিজের দীর্ঘদিনের পরিশ্রমের ফসল প্রকাশ দেখে যেতে পারল না সে।
একজন শিল্পীর প্রাপ্তি-পাওনার হিসাব জানি না। তবে আমার বিশ্বাস, সাহেদের প্রকৃত পাওনা তার গান। মানুষ যতদিন তার গান শুনবে, ততদিনই সে বেঁচে থাকবে।



