৮৩তম ভেনিসে ‘গোল্ডেন লায়ন’ জিতল ‘ওম্যান আননোন’

মে এল-তুখি
দুনিয়ার সবচেয়ে প্রাচীন চলচ্চিত্র উৎসবের চলতি আসরের পর্দা নামল ইতালির স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১১টা)। ৮৩তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের সেরা চলচ্চিত্র হিসেবে ‘গোল্ডেন লায়ন’ জিতে নিয়েছে ডেনিশ চলচ্চিত্রকার মে এল-তুখির ‘ওম্যান আননোন’, যার সরল বাংলা হতে পারে ‘অচেনা নারী’। এবারের সর্বসেরার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করা ২১টি চলচ্চিত্রের নির্মাতাদের মধ্যে তিনিই একমাত্র নারী, যিনি এককভাবে কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।
পুরস্কার গ্রহণের সময় এল-তুখি বললেন, “আমার কাছে ‘ওম্যান আননোন’ নারীর শরীরকে একটি যুদ্ধক্ষেত্র এবং জনসমক্ষে আলোচনার বিষয় হিসেবে উপস্থাপন করে। একই সঙ্গে চলচ্চিত্রটি এমন সব নারীর গল্প বলে, যারা অদৃশ্য, যাদের কোনো অস্তিত্ব চোখে পড়ে না এবং যাদের কোনো কণ্ঠস্বর নেই।”
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ফরাসি অভিনেত্রী মাথিল্ড আরসেল পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। তিনি এখানে অভিনয় করেছেন একজন গৃহপরিচারিকার চরিত্রে, যার অতীতে এক জার্মান সেনার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এবং সেটিই তার বর্তমান ভবিষ্যৎ ধ্বংসের হুমকির মুখে ফেলে দেয়। চলচ্চিত্রটির কাহিনি সদ্য স্বাধীন ডেনমার্কের পটভূমিতে এগিয়ে যায়।
আসরের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘সিলভার লায়ন’ পেয়েছে দক্ষিণ কোরিয়ান চলচ্চিত্রকার লি চ্যাং-ডংয়ের ‘পসিবল লাভ’। ‘ডিএইউ’ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন রাশিয়ায় জন্ম নেওয়া নির্মাতা ইলিয়া খরজানভস্কি। রয়টার্স সূত্রে জানা গেছে, ইউক্রেনে চলমান সংঘাতের আগে ছবিটি বড় পরিসরে চিত্রায়িত হয়েছিল, যা উৎসব জুড়ে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দেয়। খরজানভস্কি রাশিয়ার নাগরিকত্ব ত্যাগ করেন এবং মস্কোর কট্টর সমালোচক হিসেবে পরিচিত। এই পুরস্কার তিনি ইউক্রেনকে উৎসর্গ করেছেন।
ব্রিটিশ-আইরিশ চলচ্চিত্রকার মার্টিন ম্যাকডোনার ডার্ক কমেডি ‘ওয়াইল্ড হর্স নাইন’-এ বয়স্ক সিআইএ এজেন্টের চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ৭২ বছর বয়সী আমেরিকান অভিনেতা জন মালকোভিচ।
বিশ্ব রাজনীতি ও সামাজিক অস্থিরতা নিয়ে নির্মিত বেশ কিছু চলচ্চিত্র স্থান পেয়েছে। এর মধ্যে ইসরায়েলি নির্মাতা ইউভাল আব্রাহাম ও র্যাচেল সোরের তথ্যচিত্র ‘নাজা’ পেয়েছে বিশেষ জুরি পুরস্কার। ফরাসি চলচ্চিত্র ‘আ গুড লিটল সোলজার-এর জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন স্টেফান ব্রিজে, কোরালি আমেদেও ও অলিভিয়ের গর্স। আরেক ফরাসি চলচ্চিত্র ‘আ প্লেস টু হিল’-এর জন্য সেরা তরুণ অভিনেতা হয়েছেন মালু খেবিজি। প্রথম ছবি নির্মাতার জন্য দেওয়া লুইজি দে লরেন্তিস পুরস্কার পেয়েছে ফরাসি অগুস্ত বার্নার কুয়েমো ইয়াংহুর ‘হাউজ অব দ্য উইন্ড’। আলিনা শেরবানের ‘আই ম্যাটার’ পেয়েছে দর্শকদের ভোটে আরমানি বিউটি অডিয়েন্স অ্যাওয়ার্ড।




