৫ পরিচালক পেলেন ২৫ লাখ টাকা

(বাঁ থেকে) নাসের, রিয়াদ, কাইফি, মনিরুজ্জামান ও সিয়াম। ছবি: অ্যাডফা
‘অ্যাডফা শর্ট ফেস্ট সিজন-১’-এর পুরস্কারের ২৫ লাখ টাকা পেল পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকল্প। এগুলো হলো— নাসের হাসিব সিদ্দিকী ‘দ্য নট’, আহসাবুল ইয়ামিন রিয়াদের ‘পাতার নিশ্বাস’, মুজিবুর রহমান খান কাইফির ‘কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি)’, মো. মনিরুজ্জামানের ‘দৌড়’ এবং সিয়াম তালুকদারের ‘পারুল’।
পাঁচ তরুণ নির্মাতার প্রত্যেকে পাচ্ছেন ৫ লাখ টাকা। ‘দিস ইজ ইউর শট’ ভাবনাকে সামনে রেখে নতুন গল্প ও নির্মাতাদের উৎসাহিত করতে বাংলাদেশ অ্যাডভার্টাইজিং ফিল্মমেকার্স অ্যাসোসিয়েশন (অ্যাডফা) এবং অ্যাসেন প্রতিযোগিতার আয়োজন করে। এতে জমা পড়ে ১৭৩টি প্রকল্প।
যেকোনো ভাষা ও ঘরানার ৫ থেকে ১৫ মিনিটের মৌলিক ফিকশন চলচ্চিত্রের আইডিয়া দেওয়ার সুযোগ ছিল। গল্পের মৌলিকতা, নির্মাতার দৃষ্টিভঙ্গি, সিনেম্যাটিক সম্ভাবনা ও বাস্তবায়ন যোগ্যতার ভিত্তিতে প্রকল্প নির্বাচন করেছেন বিচারকরা।
জুরি প্যানেলে ছিলেন কান উৎসবে স্পেশাল মেনশন পাওয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’র নির্মাতা আদনান আল রাজীব, ‘হাওয়া’ ও ‘রইদ’ সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমন এবং চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু।
নির্বাচিত নির্মাতারা অর্থায়নের পাশাপাশি পাচ্ছেন অ্যাডফার মেন্টরশিপ ও ডেভেলপমেন্ট সহায়তা, যাতে তাদের গল্প পূর্ণাঙ্গ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে পর্দায় উঠে আসে।



