দল করলেও দলকানা হবেন না, আহ্বান বাঁধনের

আজমেরী হক বাঁধন
ভেনিসে সিনেমার ঝলমলে প্রিমিয়ার, আর তার পরেই তিক্ত এক অভিজ্ঞতা। সব আনুষ্ঠানিকতা ও আইনি প্রক্রিয়া শেষে অবশেষে দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারে অংশ নিতে ৩ সেপ্টেম্বর ইতালি গিয়েছিলেন তিনি। কিন্তু ৭ সেপ্টেম্বর পরিবার নিয়ে ঘুরতে বেরিয়ে হেনস্তার শিকার হন এই অভিনেত্রী। সেই ঘটনার রেশ নিয়েই আজ সকালে দেশে ফিরেছেন বাঁধন।
দেশে ফিরেই সংবাদ সম্মেলন করেছেন বাঁধন। সেখানে ইতালির ভেনিসে ঘটে যাওয়া হামলার ঘটনা নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে হামলাকারীদের পাশাপাশি তাদের উসকানিদাতাদেরও সতর্ক করেন এই অভিনেত্রী।
হামলাকারীদের উদ্দেশে বাঁধন বলেছেন, ‘আপনাদের যদি বিচার হয়, তাহলে আপনাদের পরিবারকে ভুগতে হবে। যারা বড় বড় নেতা আছেন, যারা বিদেশে বসে আপনাদের ভিডিও বার্তা, অডিও বার্তার মাধ্যমে উসকে দিচ্ছেন, তাদের জীবন কিন্তু আপনাদের নয়। আপনারা মাথার ঘাম পায়ে ফেলে রেমিট্যান্স পাঠান, যা দিয়ে বাংলাদেশ সুন্দরভাবে চলছে। প্লিজ, এটা করবেন না।’
হামলাকারীরা নিজেদেরই বিপদে ফেলছেন উল্লেখ করে বাঁধন বলেছেন, ‘যারা আক্রমণ করছেন, তারা মনে করছেন পার পেয়ে যাবেন। কিন্তু আজকে তারা আমার গায়ে হাত তুলেছেন। এমন নয় যে শুধু দূর থেকে গালি দিয়েছে বা পানি মেরেছে, তারা আমার গায়ে হাত তুলেছে। তাই এই বর্বরতা বন্ধ করতে হবে। আমার কাছে মনে হয়, তারা নিজেদের অবস্থানকেই আরও অনিরাপদ করেছেন, আমাদের নয়।’
ইতালিতে ঘটে যাওয়া ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বাঁধন আরও যোগ করেন, ‘আমি তাদের প্রবাসী ভাই বলেছি। এটা দেখে অনেকেই প্রশ্ন করছেন, তাদের কেন ভাই বললাম। তারা তো আমাদের বাংলাদেশি ভাইই। আমার প্রবাসী ভাইয়েরাই আমার গায়ে হাত তুলেছে, আমাকে আক্রমণ করেছে, আমার সঙ্গে বর্বরতা করেছে। এর কারণে বিদেশের মাটিতে আমাদের দেশের নাম ক্ষুণ্ন হলো।’
তিনি আরও বলেন, ‘বিদেশিরা ভাববে, আমরা হয়তো জাতিগতভাবে সারাক্ষণ মারামারি করি। আমরা যেখানে যাচ্ছি, সেখানেই যদি এভাবে আক্রমণের শিকার হই, সেটা তো একেবারেই গ্রহণযোগ্য নয়।’
হামলার পর বাঁধন বলেছিলেন আওয়ামিলীগ এবং ছাত্রলীগের সমর্থকরা তার উপর হামলা চালিয়েছে। ওই দলের সমর্থকদেরও সংযত হওয়ার আহ্বান জানান বাঁধন। তিনি বলেন, ‘আপনারা দলকে ভালোবাসতে পারেন, দলকে সমর্থন করতে পারেন। কিন্তু আপনারা দলকানা হবেন না—এটা আমার অনুরোধ। আপনারা যা করেছেন, তা খুবই অন্যায় ও বর্বর হয়েছে। এটা আপনারা করবেন না।’
দলের শীর্ষ নেতাদের উদ্দেশে বাঁধন বলেন, ‘আমি তাদের বড় বড় নেতাদের অনুরোধ করব, আপনারা একটি বড় দল। আপনাদের সাময়িকভাবে হয়তো কার্যক্রম স্থগিত করা হয়েছে। কিন্তু আপনারা তো ভবিষ্যতে রাজনীতি করবেন। ভবিষ্যতে কী ধরনের রাজনীতি করবেন, তার একটি রূপরেখা কিন্তু এখনই তৈরি করছেন। এমন কোনো রূপরেখা তৈরি করবেন না, যার জন্য ভবিষ্যতে আপনাদের লজ্জিত হতে হবে।’




