দেশে ফিরলেন বাঁধন, কথা বলতে চান ইতালির ঘটনা নিয়ে

আজমেরী হক বাঁধন
আন্তর্জাতিক মঞ্চের আলো থেকে এক অনাকাঙ্ক্ষিত তিক্ত অভিজ্ঞতা নিয়ে অবশেষে দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ৩ সেপ্টেম্বর ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে যান তিনি। সেখানে তার উপস্থাপিত চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়।
তবে প্রিমিয়ারের আনন্দ স্থায়ী হয়নি। গত ৭ সেপ্টেম্বর পরিবারসহ একটি পার্কে ঘোরার সময় নিষিদ্ধ সংগঠন ভেনিস শাখা ছাত্রলীগের কয়েকজন সদস্যের হাতে হেনস্তার শিকার হন এ অভিনেত্রী।
সব আনুষ্ঠানিকতা ও আইনি প্রক্রিয়া শেষ করে আজ সকালে বাংলাদেশে ফিরেছেন তিনি। বিমানে ওঠার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্পষ্ট ও সাহসী বার্তায় তিনি জানান, ভেনিসে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার নেপথ্যের আসল সত্য তিনি দেশবাসীর সামনে তুলে ধরতে চান।
ভেনিস সফরকালে বাঁধনের ওপর হামলার ঘটনা ঘটেছিল, যা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। এর আগে সেই কঠিন সময়ে দেশ-বিদেশের মানুষের সমর্থন পেয়ে সৃষ্টিকর্তা ও সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুক পোস্ট দিয়েছিলেন তিনি।
তবে এবার দেশে ফেরার মুহূর্তে অন্য এক সুর ফুটে উঠেছে তার পোস্টে। বাঁধন স্পষ্ট করে জানিয়েছেন, এ ঘটনার পেছনে শুধু বাইরের মানুষই নয়, বরং তার নিজের টিমের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্টে বাঁধন লেখেন, ‘আমার অনেক কিছু বলার আছে, আর আমি বিশ্বাস করি সত্যিটা সবার জানা উচিত। তাই যাদের কাছে আমার ফ্লাইটের বিস্তারিত তথ্য আছে, তারা বিমানবন্দরে আসুন। বাংলাদেশের মানুষের সত্যিটা জানা দরকার— আমার নিজের টিম আমার সঙ্গে কী করেছে, কীভাবে একের পর এক ঘটনা ঘটেছে, সরকার কী করেছে এবং দূতাবাসের ভূমিকা কী ছিল।’
নিজের সততা ও দেশের প্রতি ভালোবাসার কথা উল্লেখ করে তিনি আরও যোগ করেন, ‘আমি সবকিছু নিয়ে কথা বলব। আমার লুকানোর কিছু নেই। আমি আমার দেশকে ভালোবাসি, বিদেশে থেকে নয়, দেশের ভেতর থেকেই। আমি আমার দেশেই আছি এবং সবসময় আমার দেশের সঙ্গে যুক্ত থাকব।’
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করা এ অভিনেত্রী সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। এবার ভেনিসের সেই অপ্রীতিকর ঘটনা এবং তার নিজের টিমের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মুখ খোলার কথা জানিয়ে ভক্ত ও গণমাধ্যমের কৌতূহল আরও বাড়িয়ে দিলেন বাঁধন। খুব শিগগিরই তিনি পুরো সত্য প্রকাশ করে আসল ঘটনা দেশবাসীকে জানাবেন বলে আশা করা হচ্ছে।




