প্রেক্ষাগৃহে অক্ষয়ের সিনেমা দেখতে গিয়ে ক্যামেরাবন্দি শ্রদ্ধা-রাহুল

সংগৃহীত ছবি
বলিউড পাড়ায় প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়, আর সেই গুঞ্জনের আগুনে ঘি পড়ল যখন খোদ নায়িকা সিনেমা হলের ভেতরে প্রেমিকের সাথে কোয়ালিটি টাইম কাটাতে গিয়ে ক্যামেরাবন্দি হলেন!
বলিউডের মিষ্টি মেয়ে শ্রদ্ধা কাপুর এবং তার চর্চিত বয়ফ্রেন্ড রাহুল মোদির একটি গোপন ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। প্রেক্ষাগৃহের অন্ধকারে তারা কোনো রোমান্টিক সিনেমা নয়, বরং অক্ষয় কুমারের নতুন কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ দেখতে গিয়েছিলেন।
ভাইরাল হওয়া ভিডিওটি মূলত থিয়েটারে থাকা এক দর্শক গোপনে তার মোবাইল ক্যামেরায় ধারণ করেছেন। ভিডিওতে দেখা যায়, শ্রদ্ধা কাপুর পর্দার কমেডি দেখে হাসিতে ফেটে পড়ছেন, আর তার ঠিক পাশের সিটেই বসে আছেন রাহুল মোদি। দুজনের রসায়ন আর শ্রদ্ধার মুখের চওড়া হাসি দেখে নেটিজেনরা বলছেন, ‘রাহুলের পাশে থাকলে শ্রদ্ধা এমনিতেই বেশি খুশি থাকেন!’
প্রসঙ্গত, কোরিওগ্রাফার ও নির্মাতা আহমেদ খান পরিচালিত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমাটি গত ২৬ জুন বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। অক্ষয় কুমার, সুনীল শেঠি, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, আরশাদ ওয়ার্সি, জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল ও রাভিনা ট্যান্ডনসহ বলিউডের একঝাঁক তারকা এই ছবিতে অভিনয় করেছেন। আর মুক্তির পরপরই এই সিনেমাটি দেখতেই ডেটে গিয়েছিলেন শ্রদ্ধা-রাহুল।
২০২৪ সালের শুরুর দিকে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় ডিনার শেষে একসাথে বের হওয়ার পরই শ্রদ্ধা ও রাহুলের প্রেমের গুঞ্জন প্রথম ডালপালা মেলে। যদিও এই জুটি সরাসরি কখনো প্রেমের কথা স্বীকার করেননি, তবে ইশারায় অনেক কিছুই বুঝিয়ে দিয়েছেন।
গত বছরের জুনে শ্রদ্ধা কাপুর তার ইনস্টাগ্রাম স্টোরিতে রাহুলের সাথে একটি সাদা পোশাক পরা জমকালো সেলফি শেয়ার করেছিলেন। যার ক্যাপশনে লেখা ছিল, ‘মনটাই রেখে দে বন্ধু, অন্তত আমার ঘুমটা তো ফিরিয়ে দে!’
শুধু তা-ই নয়, গলায় ইংরেজি ‘আর’ অক্ষরের একটি লকেট পরে শ্রদ্ধার ঘুরে বেড়ানো ভক্তদের বুঝতে বাকি রাখেনি যে এই ‘আর’ আসলে রাহুল মোদির নামেরই আদ্যক্ষর।
এদিকে ব্যক্তিগত জীবনের পাশাপাশি ক্যারিয়ারেও বড় চমক নিয়ে আসছেন শ্রদ্ধা কাপুর। আগামী ২৮ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ইথা’। এটি ভারতের মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী ‘লাবণী’ নৃত্যশিল্পী ভিঠাবাই নারায়ণগাঁওকরের জীবনের ওপর ভিত্তি করে তৈরি একটি জীবনীমূলক বা বায়োপিক সিনেমা।





