অভিনয় ছাড়ছেন রণবীর কাপুর?

রণবীর কাপুর
বক্স অফিসে সদ্য মুক্তি পাওয়া ‘রামায়ণ’ সিনেমায় প্রভু রামের চরিত্রে অভিনয় করে যখন বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন রণবীর কাপুর। ঠিক এমন সময় তার এক বিস্ফোরক মন্তব্য তোলপাড় ফেলে দিয়েছে বিনোদন পাড়ায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে খুব শীঘ্রই অভিনয় জগতকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন ৪৪ বছর বয়সী এই বলিউড সুপারস্টার। আর তাতেই রীতিমতো আঁতকে উঠেছেন তার কোটি কোটি অনুরাগী।
বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের কাজের চরম ব্যস্ততা এবং ব্যাক-টু-ব্যাক প্রজেক্ট নিয়ে কথা বলছিলেন রণবীর। হঠাৎই তিনি বলে বসেন, ‘আমার মনে হয় অভিনেতা হিসেবে এটিই আমার জীবনের শেষ দশক।’
রণবীরের মুখে এমন কথা শুনে পাশে থাকা ‘রামায়ণ’-এর সীতা অর্থাৎ অভিনেত্রী সাই পল্লবী চমকে উঠে বলেন, ‘ওহহহ... তুমি আসলে কী বোঝাতে চাইছ তা স্পষ্ট করো।’
পরিস্থিতি সামাল দিতে রণবীর তখন ব্যাখ্যা করে বলেন, এখন তিনি যেভাবে নায়ক বা প্রধান চরিত্রে অভিনয় করছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো আর এই ধরনের রোলে তাকে দেখা যাবে না।
রণবীরের এই মন্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই হু হু করে ভাইরাল হয়ে যায়। অভিনেতার এমন ‘অবসরের কথা’ মেনে নিতে পারছেন না অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা।
এক ভক্ত সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, ‘রণবীর, একদম চুপ করো। তোমার বয়স মাত্র ৪৪। অন্তত ৮৫ বছর বয়স পর্যন্ত তোমাকে স্ক্রিনে দেখতে চাই। আলিয়া, দয়া করে ওকে সামলাও।’ অন্য আরেকজনের আকুতি, ‘যে অভিনয়ে তুমি সেরা, সেখান থেকে এত তাড়াতাড়ি বিদায় নিও না প্লিজ।’
‘রামায়ণ’-এর সাফল্য উপভোগ করার পাশাপাশি সামনে রণবীরের হাতে রয়েছে ‘অ্যানিম্যাল পার্ক’, ‘ব্রহ্মাস্ত্র ২’ এবং সঞ্জয় লীলা বানসালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর মতো মেগা প্রজেক্ট।




