‘বাহুবলী ২’ এর রেকর্ড ভেঙে ৮ দিনেই ১০০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’

‘রামায়ণ’ সিনেমায় রণবীর কাপুর
বক্স অফিসে রীতিমতো ঝড় বইয়ে দিচ্ছে নীতেশ তিওয়ারি পরিচালিত মেগা প্রজেক্ট ‘রামায়ণ’। মুক্তির মাত্র আট দিনের মাথায় বিশ্বব্যাপী ১,০০০ কোটি রুপির অভিজাত ক্লাবে প্রবেশ করেছে রামায়ণ। সঙ্গে ভারতীয় সিনেমার ইতিহাসে তৃতীয় দ্রুততম চলচ্চিত্রের তকমা ছিনিয়ে নিল সিনেমাটি।
এর মাধ্যমে রাজামৌলির কালজয়ী সিনেমা ‘বাহুবলী ২’-এর রেকর্ডও ভেঙে দিল রণবীর কাপুর অভিনীত এই মহাকাব্যিক সিনেমা।
ভারতীয় বক্স অফিসের ইতিহাসে এতদিন ‘পুষ্পা ২’ এবং ‘ধুরন্ধর ২’ মুক্তির মাত্র সাত দিনে ১,০০০ কোটি রুপি আয় করে শীর্ষে ছিল। ঠিক তার পরেই আট দিনে এই মাইলফলক ছুঁয়ে জায়গা করে নিল ‘রামায়ণ’।
শুধু তাই নয়, রণবীর কাপুরের ক্যারিয়ারের সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘অ্যানিমেল’-এর লাইফটাইম কালেকশনকে মাত্র এক সপ্তাহেই ছাড়িয়ে গেছে এটি, যা রণবীরের ক্যারিয়ারের প্রথম ১,০০০ কোটির সিনেমা।
হিন্দি বেল্টেও একের পর এক রেকর্ড গুঁড়িয়ে দিচ্ছে ‘রামায়ণ’। ‘পুষ্পা ২’-কে পেছনে ফেলে এক দিনে সর্বোচ্চ নেট আয়ের শীর্ষ ৫ তালিকায় ঢুকে পড়েছে সিনেমাটি, পাশাপাশি দ্রুততম ৩০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করে ছুঁয়ে ফেলেছে শাহরুখ খানের ‘জাওয়ান’-এর রেকর্ড।
বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘সোম, মঙ্গল এবং বুধবার, টানা তিন দিন বক্স অফিসে সর্বকালের সেরা ব্যবসার রেকর্ড গড়েছে রামায়ণ। ভাইফোঁটার উৎসব বাড়তি সুবিধা দিলেও সিনেমাটি মূলত এর অসাধারণ নির্মাণ ও গল্পের জোরেই অপ্রতিরোধ্য গতিতে ছুটছে।’
প্রায় ৪,০০০ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমায় রণবীর কাপুর ছাড়াও সাই পল্লবী, যশ, সানি দেওল ও লারা দত্তের মতো তারকাদের অভিনয় দর্শকদের হলমুখী করতে বাধ্য করছে।




