অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে মামলা
বিনোদন ডেস্ক

কঙ্গনা রানাওয়াত
সামাজিক মাধ্যমে ভারতের গান্ধী পরিবারকে নিয়ে একাধিক বিতর্কিত পোস্ট করে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে নিয়ে করা একটি পোস্টে আপত্তিকর ইঙ্গিত দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।
ভারতের হিমাচল প্রদেশের শিমলার এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে এ মামলা করা হয়। অভিযোগকারীর নাম অতুল শর্মা। তার দাবি, গত ১০ নভেম্বর কঙ্গনা নিজের ভেরিফায়েড সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট থেকে বিতর্কিত পোস্টগুলো প্রকাশ করেন। এসব পোস্টে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং সঞ্জয় ও রাজীব গান্ধীর মৃত্যুর ঘটনা নিয়ে সন্দেহ ও উসকানিমূলক বক্তব্য তুলে ধরা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, একটি পোস্টে সোনিয়া গান্ধীকে ‘রহস্যময় বিদেশি নাগরিক’ হিসেবে উল্লেখ করেন কঙ্গনা। একই পোস্টে তিনি ইঙ্গিত দেন, পরিবারের সদস্যরা ধারাবাহিকভাবে নিহত হওয়ার পর সরকারপ্রধান হওয়ার সুযোগ তৈরি হয়েছিল সোনিয়ার সামনে। পোস্টের শেষাংশে ‘কতই না সুবিধাজনক!’ মন্তব্যও করেন অভিনেত্রী।
এ ছাড়া সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর তার স্ত্রী মানেকা গান্ধীকে পরিবারের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল বলেও কঙ্গনা দাবি করেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশের মহাপরিচালকের কাছে ইমেইল পাঠিয়ে মামলা করার পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে সাইবার ফরেনসিক তদন্তের আবেদন জানিয়েছিলেন অতুল শর্মা। শিমলার পুলিশ সুপার গৌরব সিং মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।





