‘ম্যায় হুঁ না’ কি আধুনিক রামায়ণ? যা বললেন ফারাহ খান

‘ম্যায় হুঁ না’ সিনেমার সেট থেকে
পরিচালক ফারহা খান-এর ‘ম্যায় হুঁ না’ কি কেবল দেশপ্রেম, অ্যাকশন আর রোম্যান্সের গল্প, নাকি ছবির ভেতরেই লুকিয়ে আছে ‘রামায়ণ’-এর ছায়া? মুক্তির দুই দশকেরও বেশি সময় পর সিনেমাটিকে ঘিরে সম্প্রতি এমনই এক কৌতূহল জাগানো ফ্যান থিওরি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
নেটিজেনদের সেই কল্পনাপ্রসূত বিশ্লেষণে বিরক্ত না হয়ে বরং বেশ মজা পেয়েছেন পরিচালক ফারাহ খান।
সম্প্রতি অভিনেত্রী স্বরা ভাস্কর এবং তার স্বামী ফাহাদ আহমেদ-এর চেম্বুরের বাড়িতে গিয়েছিলেন ফারাহ খান, নিজের ইউটিউব কুকিং শোয়ের একটি পর্বের শুটিংয়ের জন্য। রান্নাবান্না ও গল্পগুজবের ফাঁকেই উঠে আসে ‘ম্যায় হুঁ না’ নিয়ে ছড়িয়ে পড়া এই আলোচিত তত্ত্ব।
ফাহাদ জানান, সামাজিক মাধ্যম এক্স-এ বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে যে ‘ম্যায় হুঁ না’ আসলে আধুনিক সময়ের রামায়ণ। অনুরাগীদের মজার ব্যাখ্যা অনুযায়ী, সুনীল শেট্টি যেন রাবণের নতুন রূপ, আর শাহরুখ খান ও জায়েদ খান হলেন রাম ও লক্ষ্মণ। এমনকি সিনেমায় মায়ের চরিত্রটিকে এমন একজন হিসেবে দেখা হয়েছে, যিনি তাদের বনবাসে পাঠিয়ে দেন।
ভক্তদের এই ব্যাখ্যা শুনে বেশ উপভোগ করেছেন ফারাহ খান। তিনি জানান, তিনি নিজে ‘রামায়ণ’ এবং ‘মহাভারত’-এর খুব বড় ভক্ত, ফলে সিনেমার সঙ্গে মহাকাব্যের এমন তুলনা তার কাছে বেশ আনন্দদায়কই মনে হয়েছে।
সিনেমাটিতে শাহরুখ খান অভিনয় করেছেন ‘মেজর রাম প্রসাদ শর্মা’র চরিত্রে, আর জায়েদ খানের চরিত্রের নাম ‘লক্ষ্মণ’। অন্যদিকে সুনীল শেট্টির খলনায়ক রাঘবনের চরিত্রের সঙ্গে রাবণের তুলনা টেনেছেন অনেকে।
সিনেমায় দুই সৎভাইয়ের শৈশবে বিচ্ছিন্ন হওয়া, মায়ের সিদ্ধান্তে আলাদা হয়ে যাওয়া এবং পরবর্তীতে আবার কাছাকাছি আসার গল্পটিও নেটিজেনদের কাছে মহাকাব্যের পারিবারিক সমীকরণের কথা মনে করিয়ে দিয়েছে।
অবশ্য ফারাহ খান ‘ম্যায় হুঁ না’ যে সচেতনভাবে রামায়ণের আধুনিক সংস্করণ হিসেবে তৈরি করেছিলেন, এমন কোনো দাবি করেননি। বরং মুক্তির ২২ বছর পরও দর্শকদের নতুন দৃষ্টিভঙ্গি ও কল্পনায় সিনেমাটির নতুন করে আলোচনায় উঠে আসাটাকেই বেশ ইতিবাচক ও উপভোগ্যভাবে দেখছেন পরিচালক।




