শ্রীদেবীর মেকআপ রুমে অপেক্ষা করতেন মিঠুন

মিঠুন চক্রবর্তী ও শ্রীদেবী
বলিউডের ইতিহাসে আশি ও নব্বইয়ের দশকের অন্যতম আলোচিত ও রহস্যময় অধ্যায় ছিল মিঠুন চক্রবর্তী ও প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর কথিত প্রেম। যুগ পেরিয়ে গেলেও এই জুটিকে ঘিরে কৌতূহল আজও কমেনি।
সম্প্রতি ১৯৮৯ সালের ‘গায়ের কানুনি’ সিনেমার শুটিংয়ের স্মৃতিচারণ করে সেই সময়ের পর্দার আড়ালের গল্প শোনালেন চিত্রগ্রাহক ও নির্মাতা লরেন্স ডি'সুজা।
সিদ্ধার্থ কান্নানের সঙ্গে এক সাক্ষাৎকারে লরেন্স জানান, শুটিং সেটে বেশ চুপচাপ ও নিজের মতো থাকতে ভালোবাসতেন শ্রীদেবী। শট শেষ হলেই আড্ডায় না জমে একাই বসে থাকতেন তিনি। কিন্তু শুটিং চলাকালীন প্রায়ই মিঠুনের ফোন আসত।
লরেন্সের ভাষায়, ‘মিঠুন ফোন করলেই শ্রীদেবী সেট থেকে বেরিয়ে গিয়ে কথা বলতেন, আবার ফিরে এসে কাজ করতেন, আবার ফোন এলেই চলে যেতেন। এমনকি মিঠুন দা সেটে এসে শ্রীদেবীর মেকআপ রুমে অপেক্ষাও করতেন।’
সে সময় যোগিতা বালির সঙ্গে সংসার করলেও সেটে মিঠুন ও শ্রীদেবীর ঘনিষ্ঠতা নিয়ে কোনো রাখঢাক ছিল না বলে দাবি করেন লরেন্স। তিনি বলেন, ‘সবাই জানতেন তারা সম্পর্কে ছিলেন। আমি যা দেখেছি, শুটিং সেটেই দেখেছি।’ যদিও মিঠুন বা শ্রীদেবী কেউই কখনো প্রকাশ্যে নিজেদের প্রেমের কথা স্বীকার করেননি।
‘জাগ উঠা ইনসান’ থেকে শুরু করে একাধিক সুপারহিট সিনেমাতে একসাথে পর্দা কাঁপিয়েছেন মিঠুন ও শ্রীদেবী। পরবর্তীতে ১৯৯৬ সালে প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন শ্রীদেবী, এবং ২০১৮ সালে দুবাইয়ে আকস্মিক মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয় এই কালজয়ী অভিনেত্রীর জীবনযাত্রা।




