যমজ কন্যাসন্তানের মা-বাবা হলেন আনুশকা ও আদিত্য

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’খ্যাত অভিনেতা আদিত্য শীল ও তার স্ত্রী আনুশকা রঞ্জন যমজ কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। সামাজিক মাধ্যমে সুখবরটি জানিয়েছেন তারকা দম্পতি।
ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে যমজ কন্যাসন্তানের জন্মের খবর জানান আনুশকা ও আদিত্য। পোস্টে দুই শিশুকন্যার ছবি সংবলিত একটি কার্ড শেয়ার করে তারা লেখেন, ‘আমাদের সূর্যের আলো আমাদের জীবন আলোকিত করতে এসেছে। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় পূর্ণ। ভিরা, মাহি। #TeamGirl।’
সুখবর প্রকাশের পর আদিত্য ও আনুশকার সহকর্মী ও ভক্তরা তাদের অভিনন্দন জানিয়েছেন। অভিনেত্রী রাকুল প্রীত সিং লেখেন, ‘অভিনন্দন, খুব খুশি হলাম।’ ভূমি পেডনেকরও অভিনন্দন জানিয়ে নবজাতকদের জন্য শুভকামনা জানান। সানিয়া মালহোত্রা ও জ্যাসমিন ভাসিনও ভালোবাসার ইমোজি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
আনুশকার বোন ও অভিনেত্রী আকাঙ্ক্ষা রঞ্জনও বোনের পোস্টের মন্তব্যে নিজের আনন্দ প্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘আমার জীবনরেখা।’ পরে ইনস্টাগ্রাম স্টোরিতেও দুই ভাগ্নির আগমনের খবর জানিয়ে তিনি লেখেন, ‘মাসির দুই সেরা বন্ধু এসেছে— আমার ভিরা ও মাহি।’
২০১৭ সালের জুনে আনুশকার একটি এনজিও ‘বেটি’র আয়োজিত অনুষ্ঠানে প্রথম দেখা হয় আনুশকা রঞ্জন ও আদিত্য শীলের। সেখান থেকেই তাদের বন্ধুত্ব, পরে প্রেমের সম্পর্ক। কয়েক বছর প্রেমের পর ২০২১ সালের নভেম্বরে মুম্বাইয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।







