দীপাবলিতে ছেলে বিহানের মুখ প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকি

বিহানের সঙ্গে ক্যাটরিনা-ভিকি
বলিউডের তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল দীপাবলির এই আলোর উৎসবে ভক্তদের জন্য নিয়ে এলেন এক দারুণ সারপ্রাইজ। দীর্ঘদিন ধরে যাকে এক ঝলক দেখার জন্য মুখিয়ে ছিলেন অনুরাগীরা, অবশেষে সেই এক বছরের ছোট্ট রাজপুত্র বিহান কৌশলের মুখ প্রকাশ্যে আনলেন তারা।
৭ নভেম্বর এক বছর পূর্ণ করার পর দিনই দীপাবলির শুভলগ্নে ছেলের মুখ দেখিয়ে পুরো নেটপাড়া যেন আলোয় ভরিয়ে দিলেন ভিকি-ক্যাট।
রবিবার সামাজিক মাধ্যমে পোস্ট করা সেই বিশেষ ছবিতে দেখা যায়, ক্যাটরিনা ও ভিকি দুজনেই পরম মমতায় আগলে রেখেছেন ছোট্ট বিহানকে। উৎসবের আমেজে হলুদ ট্রেডিশনাল পোশাকে সেজেছিলেন ক্যাটরিনা এবং ভিকির পরনে ছিল আইভরি কুর্তা।
তবে সবার নজর কেড়ে নিয়েছে সাদা কুর্তা আর ছোট্ট হলুদ ভেস্টে সেজে থাকা খুদে বিহান। ক্যামেরার দিকে তাকিয়ে তার সেই নিষ্পাপ হাসি আর ছোট্ট হাত দুটো দেখে গলে গেছে অনুরাগী থেকে শুরু করে বলিউড তারকাদের মনও।
সুন্দর এই ছবিটির ক্যাপশনে যৌথভাবে ভিকি ও ক্যাটরিনা লিখেছেন, ‘আমাদের জীবনের এখন পর্যন্ত সবচেয়ে উজ্জ্বল দীপাবলি... সবাইকে ভালোবাসা, আলো এবং অনেক আনন্দের শুভেচ্ছা। ভিকি, ক্যাটরিনা ও বিহান।’
ছবিটি পোস্ট হতেই বলিউডের তারকারা মিষ্টি বিহানের ওপর ভালোবাসার বৃষ্টি শুরু করেন। আলিয়া ভাট, রণবীর সিং, করণ জোহর, কিয়ারা আদবানি, অনন্যা পান্ডে থেকে শুরু করে সোনম কাপুর, সবাই কমেন্ট বক্সে লাভ ইমোজি আর শুভেচ্ছার জোয়ারে ভাসিয়েছেন।
অন্যদিকে দাদু শাম কৌশল (ভিকির বাবা) আবেগপ্লুত হয়ে লিখেছেন, ‘আমার নাতি আমার জান! বিহান আমাদের পুরো পরিবারে অফুরন্ত আনন্দ নিয়ে এসেছে।’
২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ভিকি-ক্যাটরিনা। ২০২৫ সালের নভেম্বরে তাদের জীবনে আসে প্রথম সন্তান। ২০২৬-এর শুরুতে নাম জানালেও এতদিন ছেলেকে লাইমলাইট থেকে আড়ালেই রেখেছিলেন তারা।




