যাকে বিশ্বাস করেছিলাম সে আমাকে পেছন থেকে ছুরি মেরেছে: ইশা সিং

ইশা সিং
ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির আলোচিত জুটি ইশা সিং ও অবিনাশ মিশ্রর সম্পর্কে এবার চরম টানাপড়েন শুরু হয়েছে। ‘বিগ বস ১৮’ থেকে শুরু হওয়া তাদের প্রেমের গল্পে এবার ঢুকে পড়েছে প্রতারণার অভিযোগ।
অবিনাশ মুখ খোলার পরপরই রবিবার ইনস্টাগ্রাম স্টোরিতে স্ট্যাটাস দিয়ে প্রাক্তন প্রেমিককে কড়া হুঁশিয়ারি দিলেন অভিনেত্রী ইশা সিং।
সম্প্রতি ব্রেকআপের গুঞ্জন নিয়ে অবিনাশ মিশ্র সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘সম্পর্ক ব্যক্তিগত বিষয়, একে বিনোদনের বস্তু বানাবেন না, মানুষকে শান্তিতে থাকতে দিন।’
অবিনাশের এই পোস্টের পরপরই নাম না করে তাকে একহাত নিলেন ইশা। ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখেন, ‘নিজের মানসিক শান্তির জন্য আমার নীরবতাকে দুর্বলতা ভাববেন না। যিনি সম্পর্ক ব্যক্তিগত রাখার উপদেশ দিচ্ছেন, তিনি নিজেই এখন সবকিছু তামাশায় পরিণত করে মানুষের বিনোদনের খোরাক জোগাচ্ছেন।’
প্রতারিত হওয়ার যন্ত্রণা প্রকাশ করে ইশা আরও কঠোর ভাষায় সতর্ক করে বলেন, ‘দয়া করে আমাকে এমন পর্যায়ে ঠেলে দেবেন না, যেখানে ফলাফলের পরোয়া না করেই আমাকে সঠিক নাম ও প্রতিটি প্রমাণ জনসমক্ষে আনতে হয়! আমি এমন একজনকে বিশ্বাস করার ভুল করেছিলাম, যে শেষ পর্যন্ত আমাকে পেছন থেকে ছুরি মেরেছে।’
মূলত ইশা সিংয়ের মায়ের একটি কথিত ভয়েস নোট অনলাইনে ভাইরাল হওয়ার পর থেকেই এই বিতর্কের সূত্রপাত। ওই অডিওতে ইশার মাকে বলতে শোনা যায়, পরিবার থেকে তাদের সম্পর্ক মেনে নেওয়া হয়েছিল এবং অবিনাশ তাদের পরিবারের সদস্য হতে যাচ্ছিলেন; কিন্তু মাঝপথে ‘প্রতারণা’ হওয়ায় সব শেষ হয়ে যায়।
‘বিগ বস ১৮’-এর ঘরে বন্ধুত্ব থেকে প্রেমে জড়িয়েছিলেন ইশা ও অবিনাশ। এমনকি ‘খতরোঁ কে খিলাড়ি ১৫’-তে অবিনাশের জয়ের পরও তাদের রোমান্টিক ভিডিও ভাইরাল হয়েছিল। কিন্তু সেই রূপকথার প্রেম এখন কাদা ছোড়াছুড়ি আর প্রতারণার অভিযোগে তিক্ত পরিণতির দিকে মোড় নিয়েছে।




