লুকিয়ে বিয়ের গুঞ্জনে মুখ খুললেন কঙ্গনা

কঙ্গনা রানাওয়াত
বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাওয়াত কি তবে গোপনে বিয়েটা সেরেই ফেললেন? গত শুক্রবার গলায় মঙ্গলসূত্র, হাতে সবুজ চুড়ি আর ঐতিহ্যবাহী পোশাকে কঙ্গনার একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হতেই এই প্রশ্ন তুলতে শুরু করেন তার ভক্তরা। কঙ্গনার জীবনের সেই ‘রহস্যময় বর’ কে, তা নিয়েও শুরু হয় তুমুল আলোচনা। অবশেষে এই বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী থেকে সংসদ সদস্য হওয়া কঙ্গনা রানাওয়াত।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা জানালেন, তিনি মোটেও লুকিয়ে বিয়ে করেননি এবং এই সাজটি আসলে তার বাস্তবজীবনের নয়, বরং সিনেমার চরিত্রের। একের পর এক ফোনের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে কঙ্গনা ভক্তদের উদ্দেশে একটি বার্তা শেয়ার করেছেন।
কঙ্গনা রানাওয়াত জানালেন, ‘আমি প্রতিদিন শহরের নানা জায়গায় শুটিং করছি। মেকআপ করা অবস্থায় কেউ একজন আমার এই ভিডিওটি তুলে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। অভিনেতারা কত চরিত্রেই তো অভিনয় করেন। তবে আমি লুকিয়ে বিয়ে করব না, কথা দিচ্ছি।’
সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, কঙ্গনা বর্তমানে মুম্বাইতে তার সুপারহিট সিনেমা ‘কুইন’ এর সিক্যুয়েল ‘কুইন ২’-এর শুটিং করছেন। শুটিং চলাকালে হঠাৎ দাঁতের সমস্যায় পড়ায় পোশাক না বদলেই তাকে দ্রুত একজন ডেন্টিস্টের কাছে যেতে হয়েছিল। বাইরে যে সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন, তা কঙ্গনা জানতেন না। আর তাতেই তৈরি হয় এই ভুলবোঝাবুঝি।
চলতি গরমের মধ্যে শুটিং করা নিয়ে কঙ্গনা আরও বলেছেন, এসি রুমে বসে অনেকেই গরম নিয়ে অভিযোগ করেন। কিন্তু তীব্র লাইটের নিচে আউটডোর শুটিং করা আরও অনেক বেশি কঠিন। তবে জীবন চ্যালেঞ্জিং হলেই নিজেকে বেশি জীবন্ত মনে হয় বলে জানালেন এই তারকা।
খুব শিগগির কঙ্গনাকে ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায় দেখা যাবে, যা আগামী ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।









